পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হায়দরাবাদ কিংসমেন টানা দ্বিতীয় হার দেখেছে। তাদের ৪০ রানে হারিয়ে পিএসএলে কোয়েটার প্রথম জয় এসেছে। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হয়। চলতি আসরে প্রথম ম্যাচে কোয়েটা ১৪ রানে করাচি কিংসের কাছে ও হায়দরাবাদ ৬৯ রানে লাহোর কালান্দার্সের কাছে হেরে যায়।
কোয়েটার প্রথম জয় পাওয়ার ক্ষেত্রে দারুণ ব্যাটিং নৈপুণ্যের পর বোলিং পারফরম্যান্সও ভালো হয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে কোয়েটা। কিন্তু ২৫ রানেই দুই উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়ে শামাইল হোসেন ও হাসান নওয়াজ। উভয়ে হাফ সেঞ্চুরি করেন। শামাইল ৪১ বলে ৩টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৫৪ রানে বিদায় নিলে এই জুটি ভাঙে।
এরপর দ্রুত কিছু উইকেট হারিয়েছে কোয়েটা। নওয়াজও ৪০ বলে ২টি চার ও ৩টি ছয়ে ৫৩ রানে সাজঘরে ফেরেন। পরের দিকে টম কারান মাত্র ১৮ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেললে বড় সংগ্রহ পায় কোয়েটা।

২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান তোলে কোয়েটা। রাইলি মেরেডিথ ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও আকিফ জাভেদ।
কোয়েটার প্রথম জয়
জবাব দিতে নেমে প্রথম থেকেই বড় কোনো জুটি গড়তে পারেনি হায়দরাবাদের ব্যাটাররা। মার্নাস লাবুশেন ২১ বলে ৩টি চারে ২৩ রানে আউট হন। মাত্র ৫৭ রানেই পাঁচটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর ৪৮ রানের জুটি গড়েন ইরফান খান ও হাসান খান।
১৯ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৩১ রান করে হাসান আউট হলে এই জুটি ভাঙে। তখনও হায়দরাবাদের জেতার জন্য শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৭০ রানের। সেটি আর পারেনি তারা। ইরফানও ২৫ বলে ২টি চার ও ২টি ছয়ে ৩৩ রানে আউট হয়ে যান।

হায়দরাবাদের ইনিংস থামে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৪ রানে। ৪০ রানের বড় পরাজয় দেখে তারা। কোয়েটার হয়ে আবরার আহমেদ চার ওভারে ২৩ রানে ৩টি এবং আহমেদ দানিয়াল চার ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। ব্যাটিংয়ের পর দারুণ বোলিং পারফরম্যান্সে প্রথম জয় আসে।
সংক্ষিপ্ত স্কোর
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স- ১৭৪/৮; ২০ ওভার (শামাইল ৫৪, নওয়াজ ৫৩, টম ৩১; মেরেডিথ ৩/৩৮, থিকশানা ২/২৪, আকিফ ২/২৫)।
হায়দরাবাদ কিংসমেন- ১৩৪/৮; ২০ ওভার (ইরফান ৩৩, হাসান ৩১, লাবুশেন ২৩, উসমান ১৪; আবরার ৩/২৩, দানিয়াল ২/১৩)।
ফল : কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৪০ রানে জয়ী।
ম্যাচসেরা : শামাইল হোসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















