রাজস্থানের জয়ে বাদ কলকাতাসহ তিন দল

প্লে-অফের লাইনআপ চূড়ান্ত

রাজস্থানের জয়ে বাদ কলকাতাসহ তিন দল

রাজস্থানের জয়ে বাদ কলকাতাসহ তিন দল, ছবি : ক্রিকইনফো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠার সুযোগ ছিল তিনটি দলের। কিন্তু রাজস্থানের জয়ে বাদ কলকাতাসহ দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। রবিবার রবিন লিগ পর্বের শেষদিন রাজস্থান র‌য়্যালস ৩০ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। ফলে গুরুত্বহীন হয়ে ওঠা দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ৪০ রানে কলকাতাকে হারালেও তা পরিস্থিতির হেরফের ঘটায়নি।

পাঞ্জাব, কলকাতা ও দিল্লির সুযোগ ছিল প্লে-অফে ওঠার। কিন্তু রাজস্থানের জয়ে বাদ কলকাতাসহ এই তিনটি দল। ফলে প্লে-অফের চার দল নিশ্চিত হয়েছে গ্রুপ পর্বের একেবারে শেষদিন। কোয়ালিফায়ার ম্যাচ খেলবে শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দুইয়ে থাকা গুজরাট টাইটান্স। আর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তিনে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ও চারে থাকা রাজস্থান।

রবিবার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াংখেড়েতে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় রাজস্থান। মুম্বাই আগেই প্লে-অফ রেস থেকে ছিটকে পড়লেও নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না রাজস্থানের।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে আট উইকেটে ২০৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ধ্রুব জুরেল ২৬ বলে ৩টি চার, ২টি ছয়ে সর্বোচ্চ ৩৮ এবং জোফরা আর্চার ১৫ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩২ রান করেন।

মুম্বাইয়ের দীপক চাহার ও শার্দুল ঠাকুর দুটি করে উইকেট নেন। জবাবে মুম্বাই ৩৮ রানেই চারটি উইকেট খুইয়ে বিপাকে পড়ে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান করতে পেরেছে তারা। সূর্যকুমার যাদব ৪২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬০ রান করেন।

আর্চার ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও বিধ্বংসী ছিলেন, ছবি : ক্রিকইনফো

এ ছাড়া হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩টি চার, ২টি ছয়ে ৩৪ এবং উইল জ্যাকস ১৮ বলে ৩টি চার, ২টি ছয়ে ৩২ রান করেন। আর্চার চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা ও যশ রাজ পাঞ্জা।

রাজস্থানের জয়ে বাদ পাঞ্জাব, দিল্লি ও কলকাতা

এই জয়ে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে ঠাঁই করে নেয় রাজস্থান। বাদ পড়ে ১৫ পয়েন্ট পাওয়া পাঞ্জাব, ১৪ পয়েন্ট পাওয়া দিল্লি ও ১৩ পয়েন্ট পাওয়া কলকাতা।

দিনের দ্বিতীয় ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়ে। সেই ম্যাচে দিল্লি ৪০ রানে কলকাতাকে হারিয়ে জয় দিয়ে শেষ করেছে এবারের আইপিএল মৌসুম। ইডেন গার্ডেনসে আগে ব্যাট করে দিল্লি পাঁচ উইকেটে ২০৩ রান তোলে। লোকেশ রাহুল ৩০ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬০ রান করেন। দুটি উইকেট নেন সৌরভ দুবে।

গুরুত্বহীন ম্যাচে কলকাতাকে হারিয়ে দেয় দিল্লি, ছবি : ক্রিকইনফো

জবাবে কলকাতা ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায়। আজিঙ্কা রাহানে ৩৯ বলে ৪টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৬৩ রান করেন। লুঙ্গি এনগিডি ২৭ রানে ও কুলদীপ যাদব ২৯ রানে তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান- ২০৫/৮; ২০ ওভার (জুরেল ৩৮, আর্চার ৩২, শানাকা ২৯, জয়সওয়াল ২৭; শার্দুল ২/৪১, চাহার ২/৪৩)।

মুম্বাই- ১৭৫/৯; ২০ ওভার (সূর্যকুমার ৬০, হার্দিক ৩৪, জ্যাকস ৩৩; আর্চার ৩/১৭, ব্রিজেশ ২/২৬, বার্গার ২/৪৩, পাঞ্জা ২/৪৪)।

ফল : রাজস্থান রয়্যালস ৩০ রানে জয়ী।

ম্যাচসেরা : জোফরা আর্চার।  

Exit mobile version