নাহিদ রানা ও শরিফুল ইসলাদের পিএসএলের এনওসির মেয়াদ বাড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পিএসএলের এবারের আসরে খেলছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পুরো আসরে খেলা হচ্ছে না তাদের।
প্রাথমিকভাবে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া থাকলেও একদিন মেয়াদ বাড়ানো দুই পেসারের। এনওসির মেয়াদ বাড়ল দুই পেসারের। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য জাতীয় দলের পেস বোলার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসির মেয়াদ একদিনের জন্য বাড়ানো হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানিয়েছে, তাদের পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে মূলত ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৈধ অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। সংশোধিত ব্যবস্থা অনুযায়ী, উভয় খেলোয়াড়কে ১৩ এপ্রিল ২০২৬ তারিখে পেশোয়ার জালমির নির্ধারিত পিএসএল ম্যাচের জন্য পাকিস্তানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
১৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে খেলবেন দুই টাইগার পেসার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির জন্য জাতীয় দলে যোগ দিতে এই দুই ক্রিকেটার ১৪ এপ্রিল বাংলাদেশে ফিরবেন।
পিএসএলের এবারের আসরে দল পাওয়া ৬ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেলেছন লাহোর কালান্দার্সে। চোটের কারণে পিএসএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন ইমন। এছাড়া পেশোয়ার জালমির হয়ে সুযোগ পেয়েছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
ম্যাচ খেলার সুযোগ হয়নি তামিমের। রিশাদ হোসেন খেলেছেন রাওয়ালপিন্ডিজের হয়ে। আগামী ১৭ এপ্রিল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ওয়ানডে ও পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।
ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই লড়াই। ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
