লা লিগায় রবিবার রাতে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় রায়ো ভায়েকানোর বিপক্ষে যখন পয়েন্ট ভাগাভাগির বিষয়টা নিশ্চিত হয়ে যায় ঠিক তখনই কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় পায়।
রিয়াল মাদ্রিদের এ জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াইটা সেই হাড্ডাহাড্ডিতে থাকলো। ২২ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪, সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৫। এই দুই জায়ান্ট ছাড়া লা লিগায় শিরোপা লড়াইয়ে আর কোনো দল টিকে নেই বললেই চলে। কেননা তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫।
নিশ্চিত ড্রতে শেষ হতে চলছিল রিয়াল মাদ্রিদ-রায়ো ভায়েকানো ম্যাচ। নির্ধারিত সময় শেষ। ইনজুরি সময়ের খেলাও শেষের পথে। রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তখই ভয়াবহ এক ফাউলের শাস্তি পায় রায়ে ভায়েকানো। নোবেল মেন্দি বিপদজনক কিক নেন ব্রাহিম দিয়াজকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে রেফারি ফাউলের বাঁশি বাজান। পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করেন। মৌসুমে এটা তার ২২তম গোল।
এর আগে ১৫ মিনিটের সময় ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই গোল ফিরিয়ে দেন জর্জ ডি ফ্রুটস। তারপর থেকে চলতে আগে আশা আর নিরাশার লড়াই। গোল কি আর হবে। না ড্রতে শেষ হবে ম্যাচ। আক্রমণ আর প্রতি আক্রমণে শেষ হওয়া ম্যাচটির ভাগ্য গড়ে দেয় ইনজুরি সময়ের দশম মিনিটে করা এমবাপ্পের গোল।
ম্যাচে ছিল যথেষ্ঠ উত্তেজনা। ফলে দুই দুটো লাল কার্ড দেখতে হয়েছে রায়ো ভায়েকানোকে। ৮০ মিনিটের সময় প্যাথে সিস লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ইনজুরি সময়ের ১৩ মিনিটে তাকে অনুসরণ করনে পেপ চাভারিয়া।
