স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর মাঠে, ম্যাচের একেবারে শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের নাটকীয় জয় দিয়ে টেবিল টপার ও চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-র সঙ্গে ব্যবধান এক পয়েন্টে কমিয়ে আনলো গ্যালাকটিকোরা।
ম্যাচের শুরুতেই ১১তম মিনিটে অহেলিয়া চুয়ামেনি’র গোলে লিড নেয় সফরকারী রিয়াল মাদ্রিদ। টানা দুই হারের পর এই গোল যেন স্বত্বির নি:শ্বাস এনে দিলো কোচ কোচ আলভারো আরবেলোয়া’র ছেলেদের। অবশ্য লিডটা বেশি সময় ধরে রাখতে পারেনি রিয়াল। ২৫তম মিনিটেই সমতায় ফেরে স্বাগতিক সেল্টা। গোল করেন বোর্হা ইগলেসিয়াস। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত করেন ফেদে ভালভের্দে।
ম্যাচে ১-১ গোলে সমতা আসার পর উভয় দলই নান্দনিক ফুটবলের পরিবর্তে ম্যাড়ম্যাড়ে খেলা উপহার দেয়। দুই হারের পর যখন তৃতীয় ম্যাচেও পয়েন্ট হারানোর সামনে দাঁড়িয়ে রিয়াল তখনই নাটকীয়তা। শেষ মুহূর্তে ভাগ্যের ছোঁয়ায় গোল পায় মাদ্রিদের দলটি।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদে ভালভের্দের গোল গড়ে দেয় ব্যবধান। তার নেয়া শট স্বাগতিক এক ফুটবলারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
রিয়াল মাদ্রিদ এদিন মোট মাত্র তিনটি শট গোলবারে রাখতে সমর্থ হয়েছে। এর মধ্যে গোল হয়েছে দু’টি। অন্য একটি শট ছিলো সেল্টার গোলরক্ষকের একেবারের বরাবর। অর্থাৎ এই শটটি ঠেকাতে কোন কষ্টই করতে হয়নি সেল্টার গোলরক্ষক আন্দ্রেই রাদু-কে। অন্যদিকে ম্যাচে তুলনামূলক ভালো খেলেও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সেল্টাকে।
শীর্ষে বার্সেলোনা
এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্র থেকে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
গত লিগ ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরেছিলো রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন আনেন কোচ আরবেলোয়া। দলের একাধিক ফুটবলার ইনজুরিতে থাকায় নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি লা লিগায় সর্বোচ্চ ৩৬ বারের চ্যাম্পিয়নরা।
ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলো স্বাগতিক সেল্টা। ফরোয়ার্ড ইগলেসিয়াসের নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর চার মিনিট পর ভিনিসিয়ূস জুনিয়র গোল পেতে পারতেন। দুই পাশ থেকে চেপে ধরা প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ছিটকে ফেলে বক্সে ঢুকে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কিন্তু বল লাগে পোস্টে।
পরের মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ১১তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ছোট করে নেওয়া কর্নারে বল পেয়ে আর্দা গিলের চুয়ামেনিকে পাস দেন। প্রথম স্পর্শেই জোরাল শট নেন চুয়ামেনি। গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি ফুটবলার।
দলকে বাঁচান কোর্তোয়া
তাদের সেই স্বস্তি বেশি সময় টিকে থাকেনি। ২৫তম মিনিটে বাঁ পায়ের শটে সমতা টানেন অরক্ষিত ইগলেসিয়াস। ৪৫তম মিনিটে আরেকটি গোল খেতে বসেছিল তারা। ছয় গজ বক্সের বাইরে থেকে সুইডবার্গের জোরাল শট ফিরিয়ে দলকে বাঁচান কোর্তোয়া।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আবার বেঁচে যায় রিয়াল। বদলি খেলোয়াড় ইয়াগো আসপাসের নেয়া শট পোস্টে লাগে।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে, তখনই বক্সের বাইরে থেকে ভালভের্দের শটে বল প্রতিপক্ষের গায়ে লেগে অনেকটা দিক পরিবর্তন করে জালে জড়ায়। দিক পরিবর্তন হয়ে যাওয়ায় তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না সেল্টা গোলরক্ষকের।
২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সেল্টা ভিগো।
