কোপা দেল রে’র ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে রিয়াল সোসিয়েদাদ। বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে তারা আথলেতিক বিলবাওকে হারিয়েছে। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গেলে জয় পেয়েছে তারা। প্রায় ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে একমাত্র গোলটি করেন টুরিয়েন্টেস।
দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের খেলায় আজ বৃহষ্পতিবার মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আজকের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ স্বাগতিক। আগামী মার্চে সেমিফাইনালের ফিরতি লেগের খেলা মাঠে গড়াবে।
টানা চতুর্থবারের মতো বার্সেলোনা সেমিফাইনালে খেলছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ টানা তৃতীয়বারের মতো শেষ চারে খেলছে। ২০১৯-২০ মৌসুমে সর্বশেষ আতলেতিকো মাদ্রিদ ফাইনালে পৌঁছেছিল। সে সময় তারা শিরোপা জয় করেছিল।
এবার নিয়ে রিয়াল সোসিয়েদাদ টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে খেলছে। দলটি ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয় করেছিল। তারপর আর ফাইনালে উঠতে পারেনি। এবার অবশ্য সেই ধারাবাহিকতায় পরিবর্তন আসতে পারে। এরই মধ্যে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ায় ফাইনালের পথে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে।
অন্যদিকে আথলেতিক বিলবাও সর্বশেষ সাত মৌসুমের মধ্যে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে খেলছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন তারা। সে সময়ে মায়োর্কাকে হারিয়ে তারা শিরোপা জয় করেছিল। তাছাড়া ২০২০-২১ মৌসুমে খেলেছিল ফাইনালে। বার্সেলোনার কাছে হেরে হয়েছিল রানার্স আপ। ২০১৯-২০ মৌসুমেও তারা ফাইনাল খেলেছিল। সেবার এই রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিল।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আথলেতিক বিলবাওয়ের সাম্প্রতিক রেকর্ড মোটেও স্বস্তিদায়ক নয়। সোসিয়েদাদের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের একটাতেও জয়ের দেখা পায়নি তারা। অথচ কোপা দেল রেতে রয়েছে তাদের অসাধারণ সাফল্য। শিরোপা সংখ্যা তারা রিয়াল মাদ্রিদকেও পেছনে ফেলেছে। ২৪টি কোপা শিরোপা তাদের শো কেসে। সেখানে রিয়াল মাদ্রিদের শিরোপার সংখ্যা ২০টি। সবার ওপরে থাকা বার্সেলোনা শিরোপা জয় করেছে ৩২বার।
রিয়াল মাদ্রিদ এবার আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। শেষ ষোলোর ম্যাচে তারা দ্বিতীয় বিভাগের দল আলবাসিতের কাছে হেরে যায়। দুর্ভাগ্য বলা যায় রিয়াল মাদ্রিদের। ৯১ মিনিটে এক গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ গোল করে খেলায় ফিরেছিল কিন্তু ৯৪ মিনিটে বেন্টারকর ব্যক্তিগত দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদের বিদায় নিশ্চিত করেছিলেন।
