ইয়র্কার শিখে ডেথ ওভারে আরও ভালো করতে চান রিপন। বাংলাদেশের বর্তমান সময়ের সেরা তরুণ পেসার রিপন মন্ডল। নিয়মিতই নতুন বলে বলিং শুরু করেন। এবার ডেথ ওভারেও পারদর্শী হওয়ার চেষ্টায় রিপন মণ্ডল। ঘরোয়া ক্রিকেটে শীর্ষ মুখ হয়ে ওঠা এই পেসার তাই বিশেষভাবে কাজ করছেন ইয়র্কার নিয়ে।
পাকিস্তান সিরিজের আগে চলমান বিসিএল ওয়ানডেতে যিনি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ইন্ট জোরে বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। তার আগে ২৫ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হন রিপন। এ সময় তিনি জানান, ইয়র্কারে আরও ভালো করার চেষ্টা করছেন।
অবশ্য আগেও ইয়র্কারে নিজের জাত চিনিয়েছেন। তবে ব্যাটারদের বেকায়দায় ফেলার এই ডেলিভারি আরও রপ্ত করতে চান। যাতে দলের চাহিদা অনুযায়ী যেকোনো সময় কার্যকরী হতে পারেন। নিজের বোলিং নিয়ে রিপন বলেন, ‘যেহেতু ইয়র্কার মাশাআল্লাহ ভালো যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে যেন আরও ভালো করতে পারি। ভালোর তো শেষ নেই। যখন ট্রাই করব না, আস্তে আস্তে হারিয়ে যাবে।’
বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের কথা মাথায় রেখে এই প্রচেষ্টা রিপনের, ‘ওয়ানডেতে ডেথ ওভারে বোলিং খুবই কার্যকরী। একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি চাই নতুন বলের পাশাপাশি মিডল ও ডেথ ওভার, সব জায়গায় অবদান রাখতে পারি। এজন্য ইয়র্কারের প্র্যাকটিস করছি।’
এ সময় তাসকিন আহমেদের বলে টেপ পেচিয়ে অনুশীলন নিয়ে জানতে চাওয়া হয় রিপনের কাছে। জবাবে তরুণ এই পেসার জানান, ‘তাসকিন ভাই বলেছিল, তুই এটা ট্রাই করতে পারিস। তোর বল কোন পজিশনে যাচ্ছে বা কীরকম মুভমেন্ট করছে তা দেখতে পারনি। উনি যখন করেছে, আমিও ২-১টা বল করার চেষ্টা করেছি। ভিন্নধর্মী প্র্যাকটিস করতে পারলাম। খুবই ভালো। বোলিংয়ের সময় তাসকিন ভাইয়ের কাছ থেকে অনেক টিপস নেওয়ার চেষ্টা করেছি।’
প্রথম ম্যাচে ৬ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে কোন উইকেট পায়নি এই পেসার। সাইফের সেঞ্চুরিতে প্রথম ম্যাচে সাইথ জোনের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তার দল।
ইস্ট জোনঃ পারভেজ হোসাইন ইমন, জাকির হাসান, আমিত হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসাইন দীপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান, নাইম হাসান সাকিব।
সেন্ট্রাল জোনঃ সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসাইন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।
