কয়েক দিন পরেই পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এবারের বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে রোবট কুকুর! বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের ঘোষণা দিয়েছে।
টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো। ফিফার মতে, রোবট কুকুরগুলো ২৪ ঘণ্টা নজরদারি পরিচালনা করতে সক্ষম। উন্নত সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তারা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে পারবে এবং নিরাপত্তা কর্মীদের তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠাবে।
তবে বিশ্বকাপ চলাকালে ব্রডকাস্ট সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচ সম্প্রচারের জন্য বিপুল পরিমাণ প্রযুক্তিগত অবকাঠামো ও কর্মী কাজ করেন। তাই এই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে ফিফা।
এছাড়া রোবট কুকুরগুলো নির্দিষ্ট রুটে টহল দেয়ার পাশাপাশি দুর্গম বা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাতেও পর্যবেক্ষণ চালাতে পারবে। এছাড়া তারা রিয়েল-টাইম ভিডিও ও তথ্য সরবরাহ করবে, যা নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলবে।
এ বিষয়ে ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সংস্থাটি বিশ্বাস করে, উন্নত রোবোটিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে নির্বিঘ্নভাবে আয়োজন করতে সহায়তা করবে।
