সৌদি প্রো লিগে গত সপ্তাহে আল ফায়হার বিপক্ষে ম্যাচ খেলতে নেমে ইনজুরি আক্রান্ত হন ক্রিশ্চিয়ানো রোনালদো। চোট নিয়ে তাকে মাঠই ছেড়ে যেতে হয়। হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে প্রথমে খুব একটা মাথাব্যথা ছিল না আল নাসরের কোচের। তবে জর্জে জেসুস আজ জানিয়েছেন, রোনালদোর ইনজুরি ছোটোখাটো নয়। বরং গুরুতর ইনজুরিতেই পড়েছেন ‘সিআর সেভেন’।
ইনজুরির গুরুত্ব বিবেচনায় এখন সৌদি আরব ছাড়তে যাচ্ছেন রোনালদো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট নিয়ে সিআর সেভেন উন্নত চিকিৎসার জন্য স্পেনের মাদ্রিদে যাবেন। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসর কোচ জর্জে জেসুস। ৪১ বছর বয়সি এই সুপার স্টারের মাঠে ফেরার সময়সীমা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি তিনি।

সৌদি প্রো লিগে আগামীকাল ঘরের মাঠে নিওমের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে আল নাসর। এর আগে সংবাদ সম্মেলনে দলটির কোচ জেসুস বলেছেন,‘গত ম্যাচে ক্রিশ্চিয়ানো মাংসপেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার পর দেখা গেছে, চোটটি আমরা যা ভেবেছিলাম তার চেয়ে গুরুতর। তাঁর যথাযথ বিশ্রাম এবং পুনর্বাসন প্রয়োজন। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবেন, যেমন অন্যান্য চোটে পড়া খেলোয়াড়রাও যাচ্ছেন।’
স্পেনে রোনালদো নিজের ব্যাক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন জর্জে জেসুস। দলের সেরা ফরোয়ার্ডকে দ্রুত ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন পর্তুগিজ এই কোচ।
পর্তুগালের ব্যস্ততা আছে চলতি মাসের শেষে
ফুটবল বিশ্বকাপের আর মাত্র মাস তিনেক বাকি। এর আগে এই ইনজুরি খানিকটা দুশ্চিন্তার কারণ হতে পারে রোনালদোর জন্য। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আশা করছেন, এই মাসের পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন তিনি।

৪১ বছর বয়সেও নিয়মিত দলের জয়ে অবদান রাখা রোনালদো সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। এই মৌসুমে লিগে পর্তুগাল অধিনায়ক করেছেন ২১টি গোল। ইংলিশ ফরওয়ার্ড ইভান টনি আল আহলির হয়ে ২৩টি গোল নিয়ে শীর্ষে আছেন।
চলতি মাসেই জাতীয় দলের ব্যস্ততা রয়েছে। আগামী ২৮ মার্চ রিনোভেটেড অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল। এরপর ৩১ মার্চ অ্যাটলান্টার জর্জিয়ায় রোনালদোর দলের প্রতিপক্ষ আসন্ন বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। এর আগেই সর্বকালের অন্যতম সেরা তারকা রোনালদো ফিট হয়ে উঠতে পারেন কি না সেটাই এখন দেখারে অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















