থাইল্যান্ডে সাফ নারী ফুটসাল প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আজ সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ ৩-১ গোলের ব্যবধানে জয় পায় তারা। আগের দিন পুরুষ ফুটসালে বাংলাদেশ-ভারত ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়েছিল।
ব্যাংককে বুধবার শুরু হয় সাফ ফুটসাল টুর্নামেন্ট। পুরুষ বিভাগে নিজেদের প্রথম ম্যাচে গতকাল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ ৪-৪ গোলে ড্র হয়। বাংলাদেশ নারী ফুটসাল দল সেটি গ্যালারিতে থেকে উপভোগ করেছেন।
আজ নারীদের ফুটসাল শুরু হয়েছে। মেয়েদের বিভাগেও বাংলাদেশ-ভারত লড়াই ছিল প্রথমে। অধিনায়ক সাবিনা খাতুন শুরু থেকেই দুর্দান্ত ছিলেন। প্রথমার্ধেই তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশের মেয়েরা।

উভয় গোলের যোগান দিয়েছেন কৃষ্ণা রাণী সরকার। ৮ ও ১২ মিনিটে তার পাস থেকেই গোল করেন সাবিনা। ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয়। সাবিনা গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন বেশ ভালোভাবে।
দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন।
ভারতের মেয়েরা কয়েক মিনিট পর কর্নার থেকে গোল পায়। আরিয়া মোরের গোলে ব্যবধান ৩-১ হলেও সেখান থেকে আর এগোতে পারেনি ভারত। পরবর্তী ম্যাচে বাংলাদেশ ১৭ জানুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














