ছেলের পারফরম্যান্সে গর্বিত শচিন । আইপিএলের গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচেই সুযোগ পেলেন অর্জুন টেন্ডুলকার। লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে এই মৌসুমে সেটিই ছিল তার প্রথম ম্যাচ। ১৩ ম্যাচ অপেক্ষার পর মাঠে নেমে নিজের সামর্থ্যের ছাপ রাখলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে ছেলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন শচিন টেন্ডুলকারও।
দলের একাধিক বোলার ধারাবাহিকভাবে ভালো করতে না পারলেও এতদিন অর্জুনকে একাদশে সুযোগ দেওয়া হয়নি। তবে মৌসুমের একেবারে শেষ দিকে এসে তুলনামূলক গুরুত্বহীন ম্যাচে তাকে খেলানোর সিদ্ধান্ত নেয় লখনৌ। সেই সুযোগ কাজে লাগিয়েছেন অর্জুন। ব্যাট হাতে ৫ বলে ৫ রান করে অপরাজিত থাকেন তিনি। বল হাতেও রেখেছেন অবদান, ৩৬ রান দিয়ে নেন ১ উইকেট।
ছেলের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত শচিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অর্জুন পুরো মৌসুম যেভাবে নিজেকে ধরে রেখেছে, তা প্রশংসার দাবি রাখে। নিজের দক্ষতার ওপর ভরসা রেখে ধৈর্য ধরে কঠোর অনুশীলন চালিয়ে গেছে সে। সুযোগের অপেক্ষায় থেকেও ইতিবাচক মানসিকতা ধরে রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
শচিন আরও লেখেন, ক্রিকেট শুধু দক্ষতার পরীক্ষা নয়, ধৈর্যেরও পরীক্ষা। অর্জুন দুই দিকই ভালোভাবে সামলেছে। মাটিতে পা রেখে ক্রিকেটকে যেভাবে ভালোবেসে যাচ্ছে, সেভাবেই এগিয়ে যেতে বলেন তিনি। পাশাপাশি ছেলের পাশে সবসময় থাকার কথাও জানান ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এই ব্যাটার।
লখনৌয়ের হয়ে এটাই ছিল অর্জুনের প্রথম ম্যাচ, আর সেখানেই নিজেকে আলাদাভাবে চেনানোর সুযোগ পেয়েছেন তিনি। মৌসুমজুড়ে সুযোগ না পেলেও শেষ ম্যাচে পারফর্ম করে ভবিষ্যতের জন্য নিজের দাবি শক্ত করলেন অর্জুন টেন্ডুলকার।
