সন্ধ্যায় হাতিরঝিলে সংবর্ধনা পাচ্ছে ভারতকে হারিয়ে সাফজয়ীরা। শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা জেতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত।
ফলে এমন মুহূর্ত উদযাপনে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। এর আগে মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অ-২০ দল রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে।
সংস্থাটির মিডিয়া বিভাগ জানিয়েছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত, যেখানে শেষ হবে এই বর্ণিল আয়োজন।
হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।
এসময় চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বাফুফে কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে।
আর সেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন। তবে ওই অনুষ্ঠানে ফুটবলারদের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি।
যেটা নিয়ে খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল। দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাফুফে এখনও পূরণ করতে পারেনি। এবার সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে কোনো আর্থিক ঘোষণা দেয়নি, তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিলেও অর্থের পরিমাণ প্রকাশ করেননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















