মোহাম্মদ সালাহ’র সঙ্গে লিভারপুলের সম্পর্কের ইতি হতে চলেছে। বলা যায় ইতি হয়েই গেছে। সব ঠিকঠাক। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন এই কিংবদন্তী খেলোয়াড়। মঙ্গলবার রাতে ৩৩ বছর বয়সী সালাহ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান।
প্রায় ৯ বছর ধরে লিভারপুলে আছেন সালাহ। পুরোটা সময় দলের মধ্যমনি হয়ে আছেন। লিভারপুল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড় ভিডিও বার্তায় বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, দিনটা চলেই এলো। এটা আমার বিদায়ের প্রথম ধাপ। মৌসুম শেষেই আমি লিভারপুল ছেড়ে চলে যাব।’
লিভারপুলে আসার আগে সালাহ’র ঠিকানা ছিল ইতালিয়ান ক্লাব রোমা। ২০১৭ সালের ঘটনা এটি। গত বছরের এপ্রিলেও এমন অবস্থা ছিল না। সে সময়ে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেন। তবে ক্লাবের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন মিসরের এই তারকা।
৩৪ ম্যাচে ১০ গোল
লিভারপুলে মোহাম্মদ সালাহ পারফরম্যান্সের একটা মানদণ্ড তৈরি করেছেন। উন্নত পারফরম্যান্স। সে বিচারে বর্তমান মৌসুমটা তার ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতার মিলিয়ে ৩৪ ম্যাচে গোল করেছেন মাত্র দশটি। এ পারফরম্যান্স সালাহ সঙ্গে ঠিক যায় না। অ্যানফিল্ডে কাটানো ক্যারিয়ারে এবারের মৌসুমে সবচেয়ে কম গোলের দেখা পেয়েছেন।
বিষ্ফোরক মন্তব্য
মাঠের পারফরম্যান্সের চেয়ে সালাহকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে ক্লাবের ভেতরকার অবস্থা। গত ডিসেম্বরে লিডসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র’র পর এক সাক্ষাতকারে বিষ্ফোরক সব মন্তব্য করেছিলেন সালাহ। কোনো রাখঢাক না রেখে সরাসরি বলেছিলেন, ক্লাব তাকে বলির পাঠা বানাচ্ছে। লিভারপুলের কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্কের চরম অবনতির বিষয়টি তখনই প্রকাশ্যে আসে।
গত দলবদলের সময়ই সালাহর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু আফ্রিকা কাপ অব নেশনস খেলে ফিরে আবারও দলের সঙ্গে যোগ দেন এই ফরোয়ার্ড। অ্যানফিল্ড ছাড়ার পর আগামী মৌসুমে সালাহ কোন ক্লাবের হয়ে খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়।
লিভারপুলের সোনালি দিন
গত ৯ বছরে লিভারপুলের সোনালি দিন ফিরে আসার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন মোহাম্মদ সালাহ। তার সময়ে অ্যানফিল্ডের ক্লাবটি একের পর এক শিরোপার দেখা পেয়েছে। প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে দুইবার। এ সময়ে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জয় করেছে। এ পথে লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন সালাহ। ৪৩৫ ম্যাচে করেছেন ২৫৫ গোল।
