বিতর্কত আউট নিয়ে মিরাজকে নিয়ে যা বললেন সালমান। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কত আউট নিয়ে মুখ খুলেছেন সালমান আলী। শুক্রবার অস্বাভাবিকভাবে রান আউটের শিকার হয়েছেন সালমান, রান আউট করেছেন মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের ৩৯তম ওভারে মিরাজের বল মিড অনের দিকে খেলেন রিজওয়ান। তখন নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সালমানের দিকে যায় বল, তিনি তখন ক্রিজের বেশ বাইরে। ফিল্ডিং করতে ছুটে যান মিরাজ। কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ায় সালমানের শরীর।
পাকিস্তানি এই ব্যাটার চেষ্টা করছিলেন মিরাজকে আড়াল করতে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক তবু পেছনে থেকেই পা বাড়িয়ে ঠেকিয়ে দেন বল। সালমান তখন উদ্যত হন নিচু হয়ে বল ধরতে। কিন্তু তার আগেই মিরাজ দ্রুতগতিতে বল ধরে আন্ডারআর্ম থ্রোয়ে সরাসরি স্টাম্পে লাগান বল। সালমান তখনও ক্রিজের বেশ বাইরে।
আউট হয়ে বেশ কড়া প্রতিক্রিয়া দেখান সালমান। গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন এক দফায় মাঠে, আরেক দফায় মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়। মিরাজ, লিটন কুমার দাস এবং আরও কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার।
এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে ম্যাচের সময় থেকেই। ক্রিকেট বিশ্বে অনেকেই বিভক্ত হয়ে গেছেন ক্রিকেটের আইন আর ক্রিকেটের চেতনার সেই চিরকালিন দ্বন্দ্বে। ম্যাচ শেষে সালমান সংবাদ সম্মেলনে বলেন, তিনি মিরাজের জায়গায় থাকলে এভাবে রান আউট করতেন না। তার প্রতিক্রিয়া অবশ্য তাৎক্ষণিক উত্তেজনায় হয়ে গেছে বলে দাবি করলেন।
তিনি বলেন,‘ আমি আপনাদের বলতে পারি ঘটনার পরে কী হয়েছে। সবাই দেখেছে কী হয়েছে। অনেকটা মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়ার মতো ব্যাপার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওখানে থাকলে কী করতাম, আমি ভিন্নভাবে করতাম। তবে এরপর যা হয়েছে, সবটুকুই ‘হিট অব দা মোমেন্টে’ হয়ে গেছে।’
তবে আইন অনুযায়ী আউটে যে সমস্যা নেই, তা বলছেন সালমানও। তার কাছে খেলাধুলার চেতনাই সবকিছুর ওপরে। তিনি বলেন,‘ অবশ্যই এটা আইনে আছে এবং আমি এমন একজন, সবসময়ই আইন অনুসরণ করতে চাই। তবে কখনও কখনও স্পোর্টসম্যান স্পিরিটের ব্যাপার যখন আসে… স্পোর্টসম্যান স্পিরিট সেখানে থাকতে হবে, যা কিছুই হোক না কেন।’
এছাড়া তিনি বলেন,‘ হ্যাঁ, এটা আইনে আছে। সে যদি এটাকে ঠিক মনে করে তো তার কাছে এটা ঠিক। তবে আমার দৃষ্টিভঙ্গি যদি জানতে চান, আমি অবশ্যই অন্য কিছুই করতাম। স্পোর্টসম্যান স্পিরিটই বেছে নিতাম।’
সালমান ক্রিজের বাইরে গিয়ে কেন দাঁড়িয়ে ছিলেন, কেন তিনি ক্রিজে ফেরার চেষ্টা করলেন, এমন প্রশ্নে তিনি বলেন.‘ বল আমার প্যাডে লাগে, পরে ব্যাটে লাগে। আমার তখন মনে হয়েছে, এখন তো আর আউট হতে পারব না। কারণ বল এর মধ্যেই আমার প্যাডে ও ব্যাটে লেগেছে। এজন্য চেষ্টা করছিলাম তাকে (মিরাজ) বল দিতে। রান নেওয়া বা এরকম কিছুর চেষ্টা করছিলাম না। আমি সেটাই করার চেষ্টা করছিলাম, তার ভাবনা অবশ্যই ভিন্ন ধরনের ছিল।’
