উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে আনন্দ–ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬। আজ রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেষ দিনে পুরুষ একক, নারী একক ও পুরুষ দ্বৈত—এই তিনটি ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরুষ এককে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। রানার্সআপ হন স্টার নিউজের সাব্বির আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম।
নারী এককে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন ডেইলি ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। রানার্সআপ হন আন্তর্জাতিক নিউজ এজেন্সি প্রেসেঞ্জারের জাহিদা পারভেজ ছন্দা এবং তৃতীয় হন বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন।
পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম ও স্টার নিউজের সাব্বির আহমেদ জুটি। রানার্সআপ হন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ ও আজকালের খবরের জাকির হুসাইন জুটি। তৃতীয় স্থান অর্জন করে কালের কণ্ঠের জয়নাল আবেদিন ও ডেইলি সানের সোহেল হোসেন পাটোয়ারি জুটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের স্বাস্থ্য ও বিনোদনের লক্ষ্যে ডিআরইউ সারা বছর বিভিন্ন ক্রীড়া ও আনন্দমূলক আয়োজন করে থাকে। এই উদ্যোগে সহযোগিতার জন্য তিনি আনন্দ ভুবন আবাসিক প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
