সমালোচনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন শানাকা

অবশেষে সমালোচনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন শানাকা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা

অবশেষে সমালোচনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন শানাকা । ঘরের মাঠে বিশ্বকাপে সমালোচকদের বেশ সমালোচনা করেছে আপনি…? সঞ্চালক রামিজ রাজার এমন প্রশ্ন, মাথা নিচু করে তখন হেসে ফেললেন দাসুন শানাকা। এরপর অকপটেই বললেন, তার দিক থেকে সেটা ভুল ছিল। চাপের মধ্যে অমন মন্তব্য করার জন্য দুঃখপ্রকাশ করলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক।

টি-টোয়েন্টি সেমি-ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়ার পর আলোচিত মন্তব্যটি করেছিলেন শানাকা। এবারের বিশ্বকাপে শুরুটা ভালো করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই সুপার এইট নিশ্চিত করে শ্রীলঙ্কা। কিন্তু এরপর থেকেই শুরু হয় উল্টোযাত্রা।

তবে গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারার পর সুপার এইট শুরু করে তারা ইংল্যান্ডের কাছে হেরে। এরপর গত বুধবার নিউ জিল্যান্ডের কাছে হেরে নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়। সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শানাকা তোপ দাগান দর্শক ও সমালোচকদের একটি অংশের প্রতি।

তিনি বলেন,

অনেক সময়ই আমরা যা দেখি এবং শুনি, তা নেতিবাচক। ক্রিকেটার হিসেবে আমরা যতই ইতিবাচক থাকার চেষ্টা করি না কেন, বাইরে নেতিবাচকতা স্পর্শ করেই। শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য এটা একটা বড় ক্ষতি। আমাদের স্রেফ এই একটি খেলাই আছে এবং জানি না আমরা এটি রক্ষা করতে পারব কি না। আপনি যদি স্টেডিয়ামের বাইরে তাকান, দেখতে পাবেন কত মানুষ মাইক্রোফোন হাতে বাইরে দাঁড়িয়ে আছে এবং লোকেরা খেলা না দেখেও অনেক কিছু বলে যাচ্ছে।

এছাড়া সমালোচনা নিয়ে তিনি বলেন,

এত নেতিবাচকতা কেন ছড়ানো হচ্ছে? হ্যাঁ, আমরা একটি বিশ্বকাপ হেরেছি এবং কারণগুলি আমরা জানি। সবারই উদ্বেগ আছে। কিন্তু এসব নিয়ে কথা বলা এবং সংশোধন করার চেয়েও সামনে চলে আসলে নেতিবাচকতা। আমরা তো এখন খেলছি ও একসময় চলে যাব, তবে ভবিষ্যতে যারা আসবে, তাদের জন্য সরকার যদি এসব (নেতিবাচকতা)বন্ধ করতে পারে, তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে।

অবশ্য শানাকার এমন মন্তব্য বিপুল প্রতিক্রিয়ার জন্ম দেয় শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে। নিজেদের ব্যর্থতা ক্রিকেট অনুসারীদের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগে তাকে তুলাধুনা করা হয়। প্রবল সমালোচনার এক পর্যায়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি দুঃখপ্রকাশ করেন লঙ্কান দলপতি।

বিশ্বকাপে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলে দলকে দারুণ এক জয়ের খুব কাছে নিয়ে যান শানাকা। ৮ ছক্কায় ৩১ বলে ৭৬ রানের ইনিংসটির পরও ৫ রানে হেরে যায় শ্রীলঙ্কা। পরে নিজের সেই মন্তব্যের জন্য আবার দুঃখপ্রকাশ করলেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন,

ক্রিকেটার হিসেবে কখনও কখনও আমরা প্রবল চাপ অনুভব করি। আমার দিক থেকে এটা (দর্শকদের দিকে আঙুল তোলা) ছিল ভুল। আবারও আমি দুঃখপ্রকাশ করতে চাই তাদেরকে কষ্ট দেওয়ার জন্য। নিশ্চিত করব যেন এটার পুনরাবৃত্তি না হয়। এতগুলি বছর ধরে যারা আমাদের পাশে আছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং অবশ্যই আমরা হতাশ (বিশ্বকাপে ভালো না করায়)।

Exit mobile version