অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ ক্রিকেটার

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ ক্রিকেটার

Australia's Xavier Bartlett (C) celebrates taking the wicket of Inadia's Virat Kohli during the second one-day international (ODI) men's cricket match between Australia and India at the Adelaide Oval on October 23, 2025. (Photo by Brenton EDWARDS / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by BRENTON EDWARDS/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে ৬ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৬–২৭ মৌসুমের জন্য পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার। আগের তালিকা থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার।

সিএ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, প্রতি মৌসুমের শুরুতে ২০ থেকে ২৪ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে পারেন।

নতুন চুক্তিভুক্ত ক্রিকেটাররা- জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

এই তালিকায় প্রথমবারের মতো পূর্ণ কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন পেসার ব্রেন্ডন ডগেট। ওপেনার জেক ওয়েদারাল্ড গত মৌসুমে উন্নীত হওয়া চুক্তি ধরে রেখেছেন। এছাড়া মাইকেল নেসার ও টড মারফি পুনরায় পূর্ণ চুক্তিতে ফিরেছেন।

অন্যদিকে, অবসর নেওয়া উসমান খাজা ছাড়াও স্যাম কনস্টাস, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন ও ম্যাট শর্ট গত মৌসুমের চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার নতুন মৌসুম। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে দলটি।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজের পাশাপাশি ১৪ সপ্তাহে ১০টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি (হোম), ভারতের বিপক্ষে পাঁচটি (অ্যাওয়ে) এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে পুরুষ দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন,‘চুক্তির তালিকা প্রণয়নে আমরা দীর্ঘ সময়ের পারফরম্যান্সকে মূল্যায়ন করেছি এবং সামনে থাকা ব্যস্ত সূচিকেও গুরুত্ব দিয়েছি। আগামী ১২ মাসে বিভিন্ন কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে-দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড সফরের পাশাপাশি ঘরের মাঠের ম্যাচগুলোও সমান গুরুত্বপূর্ণ।

এই সূচিকে সামনে রেখে টেস্ট ও একাধিক ফরম্যাটে দক্ষ খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও দলে অন্তর্ভুক্ত করা হবে।’

এছাড়া তিনি বলেন,‘ খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত রাখতে রাজ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা জরুরি।’

Exit mobile version