শতভাগ জয় নিয়েই সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা

শতভাগ জয় নিয়েই সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা

জয়ের ধারায় অদম্য দক্ষিণ আফ্রিকা।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে ভিন্ন এক দক্ষিণ আফ্রিকা দলকে দেখছে সবাই। শতভাগ জয় নিয়েই সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা , চলমান আসরে একমাত্র অপরাজিত দল তারা। আজ সুপার এইটের এক নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ফলে শতভাগ জয় নিয়েই সেমিফাইনালে খেলবে তারা। আর গ্রুপ পর্বে চমক দেখিয়ে অপরাজিত থেকে সুপার এইটে আসা জিম্বাবুয়ে তিন ম্যাচেই হারল।

দিল্লিতে আজ উত্তাপহীন এবং আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কারণ, আগেই প্রোটিয়ারা সেমি নিশ্চিত করেছে এবং বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে পাওয়ার প্লে’র ছয় ওভারে দুই উইকেটে তোলে ৪৫ রান। ফর্মে থাকা ব্রায়ান বেনেটও ১৩ বলে একটি করে চার-ছক্কায় ১৫ রানে আউট হয়ে যান। প্রোটিয়া বোলারদের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের শীর্ষ পর্যায়ের বাকি ব্যাটাররাও। তাই একটা সময় ৮৭ রানেই পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন।

ব্যাট হাতে দুর্বার রাজা

একপ্রান্তে সিকান্দার রাজা লড়াই চালিয়ে যান। ষষ্ঠ উইকেটে তিনি ক্লাইভ মাদান্দের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের ১৭তম ফিফটি হাঁকিয়ে রাজা ৪৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানে সাজঘরে ফেরেন ১৭তম ওভারে।

সিকান্দার রাজা ৭৩ রানের লড়াকু ইনিংস খেলেন, ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে ২০ ওভারে সাত উইকেটে ১৫৩ রান করতে সক্ষম হয়। মাদান্দে ২০ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা চার ওভারে ২১ রান দিয়ে ও করবিন বশ ৪০ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

১৫৪ রানের লক্ষ্যে নেমে সিকান্দার রাজার অফস্পিনের জোড়া আঘাতে দলীয় ১৪ রানেই সাজঘরে ফেরেন এইডেন মার্করাম (৪) ও কুইন্টন ডি কক (০)। তবে বিধ্বংসী মেজাজে রায়ান রিকেলটন ২২ বলে ৪টি ছয়ে ৩১ রান করেন। তিনিও ব্র্যাড ইভান্সের পেসে সাজঘরে ফেরেন।

বল হাতেও দুরন্ত রাজা- ব্রেভিসের ঝড়

৪৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২৫ বলে ৫০ রানের জুটি উপহার দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। মিলার ১৬ বলে ২টি করে চার-ছক্কা হাঁকিয়ে ২৬ এবং ব্রেভিস মাত্র ১৮ বলে ২টি চার ও ৪টি ছয়ে ৪২ রানে অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যান।

ব্রেভিস ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন, ছবি : সংগৃহীত

১০১ রানে পাঁচ উইকেটের পতন ঘটলেও মাত্র ১০ ওভার ৪ বল খেলেছে দক্ষিণ আফ্রিকা। তাই ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ত্রিস্তান স্টাবস ও জর্জ লিন্ডে ৫৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭.৫ ওভারে পাঁচ উইকেটে ১৫৪ রান করে টানা সপ্তম জয় পায় দক্ষিণ আফ্রিকা।

স্টাবস ২৪ বলে ২১ ও লিন্ডে ২১ বলে ২টি চার, ১টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন। রাজা চার ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন।

বল হাতে একাই ৩ উইকেট নেন রাজা, ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে- ১৫৩/৭; ২০ ওভার (রাজা ৭৩, মাদান্দে ২৬*, বেনেট ১৫; মাফাকা ২/২১, বশ ২/৪০)।

দক্ষিণ আফ্রিকা- ১৫৪/৫; ১৭.৫ ওভার (ব্রেভিস ৪২, রিকেলটন ৩১, লিন্ডে ৩০*, মিলার ২২, স্টাবস ২১*; রাজা ৩/২৯)।

ফল : ৫ উইকেটে জয়ী , শতভাগ জয় নিয়েই সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা

ম্যাচসেরা : সিকান্দার রাজা।

Exit mobile version