টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয়ে যাত্রা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আজ আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৫৭ রানে হারিয়ে দেয় তারা। উভয় দলের এটি ছিল প্রথম ম্যাচ।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালে তারা ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে। ওপেনিং জুটিতে এইডেন মার্করামের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে কুইন্টন ডি কক ২২ বলে ২ চারে ২৫ রানে বিদায় নেন। কিন্তু মার্করাম ৩২ বলে ১০ চার, ১ ছয়ে ৫৯ রান করেন।
এছাড়া রায়ান রিকেলটন ২১ বলে ৩ চার, ১ ছয়ে ৩৩ এবং ডেভিড মিলার ২৩ বলে ১ চার, ৩ ছয়ে ৩৯ ও ত্রিস্তান স্টাবস ১৯ বলে ২ চার, ২ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন। মিলার-স্টাবস অবিচ্ছিন্ন থেকে পঞ্চম উইকেটে ৭৫ রান যোগ করেন। আনশ প্যাটেল ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে ৪৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত কানাডা পঞ্চম উইকেটে পায় ৬৯ রানের জুটি। এতেই পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে তারা। নবনিত ধালিওয়াল ৪৯ বলে ৭ চার, ১ ছয়ে ৬৪ রান করেন। এছাড়া হর্ষ ঠাকুর ২৯ বলে ২ চার, ২ ছয়ে করেন ৩৩ রান।
২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করতে সক্ষম হয় কানাডা। লুঙ্গি এনগিডি ৪ ওভারে ৩১ রানে ৪টি ও মার্কো ইয়ানসেন ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা- ২১৩/৪; ২০ ওভার (মার্করাম ৫৯, মিলার ৩৯*, স্টাবস ৩৪*, রিকেলটন ৩৩; প্যাটেল ৩/৩১)।
কানাডা- ১৫৬/৮; ২০ ওভার (ধালিওয়াল ৬৪, ঠাকুর ৩৩; এনগিডি ৪/৩১, ইয়ানসেন ২/৩০)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৫৭ রানে জয়ী।
ম্যাচসেরা : লুঙ্গি এনগিডি।
