সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন

প্রস্তুতি ম্যাচ

অনুশীলনে স্পেনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা

২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং একই বছর ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে এ মাসেই ফিনালিসিমা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেই ম্যাচ বাতিল করা হয়েছে। ফলে উভয় দেশের বিশ্বকাপ প্রস্তুতিতে একটা আঘাত এসেছে। বিশ্বকাপের প্রস্তুতির অভাব কাটিয়ে উঠতে স্পেন সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৭ মার্চ সেই ম্যাচ মাঠে গড়াবে।

ম্যাচটি বাতিল হওয়ার প্রতিধ্বনি আগেই পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। যেহেতু আগে থেকে আশঙ্কা ছিল তাই ম্যাচ বাতিল ঘোষণা হতেই আর দেরি করেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সঙ্গে সঙ্গে নতুন ম্যাচ আয়োজনে নেমে পড়ে তারা। নতুন ম্যাচের দিন তারিখ ঠিক করে ফেলেছে দেশটি।

স্পেনের ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় দল কঠিন ম্যাচে বলকান দলের বিপক্ষে খেলতে কাস্তেয়ন শহরে যাবে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ দে লা সেরামিকা স্টেডিয়ামে। এ মাঠটি এল মাদ্রিগাল নামেই বেশি পরিচিত।

মূলত কাতারের দোহায় ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক ছিল। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উভয় দেশই নিজেদের প্রস্তুত করছিল। এরই মাঝে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়ে যায়। এ কারণে ম্যাচের ভেনু্য পরিবর্তনের চেষ্টা করছিল আয়োজকরা। একই সঙ্গে তারিখও। কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দিন তারিখ পরিবর্তনে রাজি হয়নি। তাদের দাবি ছিল একই দিনে অন্য কোথাও মাঠে নামা।

জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা (উয়েফা) জানিয়েছে, আর্জেন্টিনা প্রস্তাবিত বিকল্পগুলোর একটিও মেনে নেয়নি। ফলে ম্যাচ বাতিল করা ছাড়া উপায় ছিল না।

ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন
২০২২ সালে সর্বশেষ ফিনালিসমা অনুষ্ঠিত হয়। সে ম্যাচে আর্জেন্টিনা ও ইতালি মুখোমুখি হয়েছিল। ম্যাচে ইউরো চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ৩-০ গোলে জয় পেয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

কাতারে আগামী ৩০ মার্চ মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল স্পেনের। তবে স্প্যানিশ গণমাধ্যমে জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে লুইস দে লা ফুয়েন্তার দল এখনো মিসরের বিপক্ষে ম্যাচটি স্পেনের অন্য কোনো ভেনু্যতে এবং নির্ধারিত তারিখের একদিন পর ম্যাচটি খেলতে চায়। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। স্পেন বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

Exit mobile version