ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার । তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। বুধবার রাতে জ্যামাইকায় টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৩০৩ রান তুলে ক্যারিবিয়ানদের আটকে দেয় ২৬২ রানে। আগে নানা সময়ে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া কুসাল মেন্ডিস এই সফরে নতুন করে পেয়েছেন অধিনায়কত্ব। ৬২ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন তিনিই।
স্যাবাইনা পার্কের উইকেটে এ দিন ছিল সবুজের ছোঁয়া। ম্যাচের প্রথম বলেই জেডেন সিলসের বলে নিসাঙ্কার ক্যাচ ছাড়েন কেসি কার্টি। সিলস পরে দ্রুত বিদায় করেন কামিন্দু মেন্ডিসকে। প্রথমবার ওপেন করতে নেমে একট।।করে চার ও ছক্কা মেরেও ১২ রানে বিদায় নেন এই বাঁহাতি।
টপ অর্ডারের দাপটে লঙ্কানদের লড়াকু স্কোর
এদিন সিলস প্রথম পাঁচ ওভারের তিনটিই নেন মেডেন। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস। ১০৩ বলে ৭৯ রান করে আউট হন নিসাঙ্কা। চারটি করে চার ও ছক্কায় কুসাল ফেরেন ৬২ বলে ৭২ রান করে। পরে ৪৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নেতৃত্ব হারানো চারিথ আসালাঙ্কা। শেষ দিকের দাবি মিটিয়ে জানিথ লিয়ানাগে অপরাজিত থাকেন ২৯ বলে ৪৪ রান করে।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালো। ৬ ওভারে ৫০ রান তুলে ফেলেন জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। ১৪ বলে ১৭ রান করে ফেরেন ক্যাম্পবেল, ৩৮ বলে ৪৫ রান করা গ্রেভস বোল্ড হন মাহিস থিকসানার বলে।
তিনে নেমে কেসি কার্টি ফেরেন ২৭ রানে। ইনিংসের একমাত্র ফিফটি আসে অধিনায়ক শেই হোপের ব্যাট থেকে (৬৬ বলে ৫৬)। পরের দিকে রোস্টন হেইস (৩৩) ও গুডাকেশ মোটি (২২) রান করলেও পারেননি বড় ইনিংস খেলতে। দশে নেমে ২২ বলে ২৩ করে কিছুটা ব্যাবধান কমান শামার জোসেফ।
উইকেটে ঘামের ছোঁয়া থাকলেও পরের দিকে টার্ন মিলেছে বেশ। দারুণ বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের ভোগান থিকসানা। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন এই স্পিনার। খরুচে হলেও ৪ উইকেট নেন পেসার দুশামান্থা চামিরা।
সংক্ষিপ্ত স্কোর:
- শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০৩/৭
- ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.২ ওভারে ২৬২/১০
- ফল: শ্রীলঙ্কা ৪১ রানে জয়ী।
- সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে।
- ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















