টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে সহআয়োজক শ্রীলঙ্কার। আজ কলম্বোয় নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরেছে তারা। দুই ম্যাচেই পরাজিত হয়েছে লঙ্কানরা। আর এক ম্যাচ হাতে রেখে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে কিউইরা।
দুই দলের জন্যই ছিল এটি বাঁচা-মরার লড়াই। হেরে গেলে সুপার এইট পর্বেই থেমে যাওয়ার শঙ্কায় পড়বে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা হারলে ছিটকে পড়বে। সেই ম্যাচে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৮ রান তোলে তারা।
৩৪ রানে দুই ওপেনারকে হারায় কিউইরা। ফিন অ্যালেন মাত্র ১৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৩ রানে সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ৪১ রানের জুটিতে অবস্থার কিছুটা উন্নতি হয়। অবশ্য রানের গতি ছিল কম। গ্লেন ফিলিপস (১৮ বলে ১৮) বিদায় নিলে জুটি ভাঙে।
১২তম ওভারে রাচিন রবীন্দ্রও আউট হয়ে যান ২২ বলে তিনটি চার, একটি ছক্কায় ৩২ রান করে। মার্ক চ্যাপম্যান (০) ও ড্যারিল মিচেল (৩) দ্রুত বিদায় নিলে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। কিন্তু সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন মিচেল স্যান্টনার ও কোল ম্যাকঙ্কি।
স্যান্টনারের কার্যকর ব্যাটিং আর রবীন্দ্রর সেরা বোলিং
ইনিংসের শেষ বলে স্যান্টনার সাজঘরে ফেরেন। তিনি ২৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৭ রান করেন। আর ম্যাকঙ্কি ২৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। মাহিশ থিকশানা ও দুশমন্ত চামিরা তিনটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাটারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। বড় কোনো জুটিও হয়নি, ভালো কোনো ইনিংসও খেলতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে মাত্র ১০৭ রান করে শ্রীলঙ্কা।
কামিন্দু মেন্ডিস ২৩ বলে চার বাউন্ডারিতে ৩১ এবং দুনিথ ভেল্লালাগে ২৩ বলে দুটি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন। ক্যারিয়ারসেরা বোলিং করে বাঁহাতি স্পিনে রবীন্দ্র চার ওভারে ২৭ রান দিয়ে নেন চারটি উইকেট। এছাড়া ম্যাট হেনরির ঝুলিতে ওঠে দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড- ১৬৮/৭; ২০ ওভার (স্যান্টনার ৪৭, রবীন্দ্র ৩২, ম্যাকঙ্কি ৩১*, অ্যালেন ২৩; থিকশানা ৩/৩০, চামিরা ৩/৩৮)।
শ্রীলঙ্কা- ১০৭/৮; ২০ ওভার (কামিন্দু ৩১, ভেল্লালাগে ২৯; রবীন্দ্র ৪/২৭, হেনরি ২/৩)।
ফল : নিউজিল্যান্ড ৬১ রানে জয়ী।
ম্যাচসেরা : রাচিন রবীন্দ্র।
