সুপার এইটে শ্রীলঙ্কা- টানা দুই হারে শঙ্কায় অস্ট্রেলিয়া

সুপার এইটে শ্রীলঙ্কা- টানা দুই হারে শঙ্কায় অস্ট্রেলিয়া

সুপার এইটে শ্রীলঙ্কা- টানা দুই হারে শঙ্কায় অস্ট্রেলিয়া, ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। আজ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাথুম নিশঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে। ‘বি’ গ্রুপে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট অস্ট্রেলিয়ার। আর শ্রীলঙ্কা টানা তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে।

টস হেরে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুর্দান্ত। পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৭০ রান তুলে উড়ন্ত সূচনা পায় তারা। ৮.২ ওভারে দলীয় শতরানে পেরোনো অজিরা ১০৪ রানে প্রথম উইকেট হারিয়েছে। ট্র্র্যাভিস হেড ২৯ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৫৬ রানে দুশান হেমন্তর লেগস্পিনে সাজঘরে ফিরলে ওপেনিং জুটি ভাঙে।

মার্শ-হেড উড়ন্ত সূচনা দেন অস্ট্রেলিয়াকে, ছবি : সংগৃহীত

দুনিথ ভেল্লালাগে পরের ওভারে ক্যামেরন গ্রিনকে (৩) শিকার করেন। ফিরতি ওভারে বোলিংয়ে এসে হেমন্ত তুলে নেন ওপেনার মিচেল মার্শকে। অজি অধিনায়ক ২৭ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৫৪ রান করেন।

এরপর আর বড় কোনো জুটি হয়নি। রানের গতিও শ্লথ হয়েছে। ২১ রানে শেষ পাঁচটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ২০ ওভারে গুটিয়ে যায় ১৮১ রানে। প্রথম ১০ ওভারে এক উইকেটে ১১০ রান করা অজিরা পরবর্তী ১০ ওভারে ৯ উইকেটে হারিয়ে করেছে মাত্র ৭১ রান।

পরের দিকে শুধু জশ ইংলিস ২২ বলে তিনটি চারে ২৭ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে একটি করে চার-ছক্কায় করেন ২২ রান। হেমন্ত চার ওভারে ৩৭ রানে তিনটি ও দুশমন্ত চামিরা চার ওভারে ৩৬ রানে দুটি উইকেট নেন।

নিশঙ্কার অপরাজিত সেঞ্চুরি

শ্রীলঙ্কা নেমে আট রানেই প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৬৬ বলে ৯৭ রানের জুটি গড়েন পাথুম নিশঙ্কা ও কুসল মেন্ডিস। এতেই জয়ের ভিত পেয়ে যায় লঙ্কানরা। কুসল ৩৮ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৫১ রানে আউট হলেও নিশঙ্কা ও পবন রত্নায়েকে অবিচ্ছিন্ন থেকে তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন।

নিশঙ্কার অপরাজিত সেঞ্চুরি, ছবি : সংগৃহীত

এতেই ১৮ ওভারে জিতে যায় শ্রীলঙ্কা দুই উইকেটে ১৮৪ রান তুলে। নিশঙ্কা ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ৫২ বলে ১০ চার ও পাঁচ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন। এটি ১৬ বছর পর টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার পক্ষে আরেকটি সেঞ্চুরি। ২০১০ সালে মাহেলা জয়াবর্ধনে শতক করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। পবন ১৫ বলে ছয় বাউন্ডারিতে করেন হার না মানা ২৮। দুটি উইকেটই নেন মার্কাস স্টয়নিস।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া- ১৮১/১০; ২০ ওভার (হেড ৫৬, মার্শ ৫৪, ইংলিস ২৭, ম্যাক্সওয়েল ২২; হেমন্ত ৩/৩৭, চামিরা ২/৩৬)।

শ্রীলঙ্কা- ১৮৪/২; ১৮ ওভার (নিশঙ্কা ১০০*, কুসল ৫১, পবন ২৮*; স্টয়নিস ২/৪৬)।

ফল : শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : পাথুম নিশঙ্কা।

Exit mobile version