‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে শ্রীলঙ্কা ও ‘সি’ গ্রুপ রানার্সআপ হিসেবে ইংল্যান্ড এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে। দুই দলের মুখোমুখিতে অসহায় আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। আজ পাল্লেকেলেতে ৫১ রানে স্বাগতিক লঙ্কানদের হারিয়েছে ইংল্যান্ড। ফলে সুপার এইটের গ্রুপ দুইয়ে শুভ সূচনা করেছে ইংলিশরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ফিল সল্ট একপ্রান্ত ধরে রেখে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে গেছেন। কিন্তু অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে পতন ঘটেছে উইকেটের। ১৫তম ওভারে ফিল সল্টও দলীয় ১০৬ রানের সময় বিদায় নেন। তিনি ৪০ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬২ রান করেন।

পরের দিকে বলার মতো ইনিংস খেলেছেন উইল জ্যাকস। মাত্র ১৪ বলে চারটি চার হাঁকিয়ে ২১ রান করেন তিনি। এতেই ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানের একটি ছোটো সংগ্রহ পায় ইংল্যান্ড।
শ্রীঙ্কার পক্ষে দুই স্পিনার দুনিথ ভেল্লালাগে চার ওভারে ২৬ রানে ৩টি ও মাহিশ থিকশানা চার ওভারে ২১ রানে ২টি উইকেট নিয়ে ইংলিশ ব্যাটারদের নাজেহাল করেন। এছাড়া দুটি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।

পাল্লেকেলেতে স্পিনারদের দাপট
অবশ্য স্বাগতিক শ্রীলঙ্কা এই টার্গেট তাড়া করতে নেমে যে সংগ্রামের মধ্যে পড়েছে তাতেই বোঝা গেছে পাল্লেকেলের এই উইকেট সহজ নয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। বড় কোনো জুটি হয়নি। কারণ, চার টপঅর্ডারের কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি।
মূলত ইংলিশ স্পিনাররাই বড় পরীক্ষায় ফেলেন লঙ্কান ব্যাটারদের। উইল জ্যাকস, লিয়াম ডসন ও আদিল রশিদ মিলে তুলে নেন ৭ উইকেট। মাঝে শুধু সংগ্রাম করে অধিনায়ক দাসুন শানাকা ২৪ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেছেন। তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি শ্রীলঙ্কা এবং পুরো ওভারও খেলতে পারেনি। ১৬.৪ ওভারে তাদের ইনিংস থেমেছে মাত্র ৯৫ রানে। জ্যাকস চার ওভারে ২২ রানে তিনটি এবং আদিল ৩.৪ ওভারে ১৩ রানে, জোফরা আর্চার তিন ওভারে ২০ রানে ও ডসন চার ওভারে ২৭ রানে দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড- ১৪৬/৯; ২০ ওভার (সল্ট ৬২, জ্যাকস ২১, ব্রুক ১৪; ভেল্লালাগে ৩/২৬, থিকশানা ২/২১, মাদুশঙ্কা ২/২৫)।
শ্রীলঙ্কা- ৯৫/১০; ১৬.৪ ওভার (শানাকা ৩০, কামিন্দু ১৩, থিকশানা ১০*; জ্যাকস ৩/২২, আদিল ২/১৩, আর্চার ২/২০, ডসন ২/২৭)।
ফল : ইংল্যান্ড ৫১ রানে জয়ী।
ম্যাচসেরা : উইল জ্যাকস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













