মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নতুন আশাবাদ। দলের এই সাফল্যে আনন্দিত হয়ে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, টুর্নামেন্টের শুরুতেই শক্ত প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে জয় সত্যিই গর্বের বিষয়। এটি শুধু একটি ম্যাচ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের ফুটবলের সম্ভাবনা ও ভবিষ্যৎ শক্তির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিশেষ করে দলের তরুণ ফুটবলার রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। তরুণদের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যেতে পারে। খেলোয়াড়দের অদম্য মনোবল, দলগত সমন্বয় এবং লড়াকু মানসিকতা সকলের জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, এই জয় ভবিষ্যতের ম্যাচগুলোতে দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে এবং তারা একই ধারাবাহিকতা বজায় রেখে টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জন করবে। দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই তরুণ দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি বিশ্বাস করেন।
শেষে প্রতিমন্ত্রী দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তিনি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখার জন্য শুভকামনা ব্যক্ত করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











