দারুণ এক জয়ে ইউরোপা লিগের প্লে অফ মিশন শুরু করেছে ভিএফবি স্টুটগার্ট। বৃহষ্পতিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা সেলটিককে ৪-১ গোলে হারিয়েছে।
সেলটিকের এ হারের জন্য সমর্থকরা গোলরক্ষক কাস্পারকে দায়ি করছে। তার ভুলেই দুটো গোল হজম করে স্বাগতিক দল। তাইতো যখনই তার কাছে বল গেছে তখনই সমর্থকরা বিভিন্ন ধরণের নেতিবাচক শব্দ করেছে।
ইনজুরি মুক্ত হয়ে দলে ফেরার পরই বড় ধরণের এক ব্লান্ডার করেছিলেন গোলরক্ষক কাস্পার। স্কটিশ কাপ ফাইনালে তার এক আত্মঘাতি গোলে হেরেছিল দল।
মাত্র ১৫ মিনিটে প্রথম গোল হজম করে সেলটিক। বিলাল এল খানুস গোল করে দলকে এগিয়ে নেয়। বেশিক্ষণ এ গোলের স্বাদ উপভোগ করা হয়নি স্টুটগার্টের। ২১ মিনিটে বেঞ্জামিন নাইগ্রেন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। স্বাগতিক দলের আধিপত্য এখানেই শেষ। ২৮ মিনিটে খানুস আবার গোল করে দলকে এগিয়ে নেন।
প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি। তবে স্টুটগার্ট দ্বিতীয়ার্ধে করেছে জোড়া গোল। জেমি লেওয়েলিং ৫৭ মিনিটে এবং ইনজুরি সময়ে টিয়াগো টমাস গোল করেন।
২০০৩ সালের উয়েফা কাপে বর্তমান কোচের অধীনে সেলটিক এই স্টুটগার্টকে হারিয়েছিল। শুধু তাই নয়, তারা ফাইনালেও খেলেছিল। তবে এবার হয়তো তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। বর্তমান কোচ এখন নজর দিতে হবে ঘরোয়া লড়াইয়ে।
