জাতীয় দলের হয়ে খেলতে চান সুয়ারেজ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জাতীয় দলের হয়ে গোলের পর সতীর্থদের সঙ্গে সুয়ারেজ

২০২৪ সালে জাতীয় দলের জার্সিকে বিদায় বলেছেন লুইস সুয়ারেজ। তার আগে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ খেলেছেন। উরুগুয়ে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের টিকিট চূড়ান্ত করার আগে জাতীয় দলকে বিদায় বলেছিলেন। তবে দলের প্রয়োজনে আবার জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন সাবেক এই তারকা।

উরুগুয়েতে এক সাক্ষাতকারে তিনি দলের প্রয়োজনে জাতীয় দলে ফেরার কথা জানান। তিনি বলেন, অবশ্যই আমি যা চাই তা হচ্ছে জাতীয় দলের হয়ে খেলা।

৩৯ বছর বয়সী সুয়ারেজ আরও বলেন, বিশ্বকাপে দুয়ারে কড়া নাড়ছে। এখন যদি দল মনে করে আমাকে দরকার তাহলে আমি কখনো না করবো না। আমি কখনো দেশের প্রয়োজনে না বলি না।

২০২৪ সালে শেষ ম্যাচ

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সুয়ারেজ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। শেষ হয় তার ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। সে সময়ে তিনি বলেছিলেন, আর জাতীয় দলে ফিরবো না। সে সম্পর্কে সুয়ারেজ বলেন, তরুণ খেলোয়াড়দের জন্য পথ তৈরি করতেই আমি সরে দাঁড়িয়েছিলাম। কারণ তখন আমার মনে হয়েছিল আমি দলের জন্য খুব একটা ভূমিকা রাখতে পারছি না। তবে কর্মকর্তারা যদি মনে করেন আমাকে দরকার তাহলে আমি তাদের হতাশ করবো না। যেহেতু আমি এখনো মাঠে আছি, এখনো খেলছি সে কারণে যতক্ষণ মাঠে আছি ততক্ষণ জাতীয় দলকে না বলবো না।

ইন্টার মায়ামির হয়ে গোলের পর সুয়ারেজ

১৭ বছরে ৬৯ গোল

১৭ বছরের ক্যারিয়ারে সুয়ারেজ ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছিলেন। তিনি আরও বলেন, অবসরের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কেননা খেলাটি নিয়ে আমার আগ্রহ দিনে দিনে কমছিল।

সুয়ারেজ বর্তমানে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। মেজর সকার লিগে মায়ামির হয়ে গত শনিবার অস্টিন এফসি’র বিপক্ষে গোল করেন। তার গোলেই ইন্টার মায়ামির হার থেকে রেহাই পায়। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

মায়ামির কোচের প্রশংসা

মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো ম্যাচ শেষে সুয়ারেজের দারুণ প্রশংসা করেন। তিনি বলেন, সুয়ারেজ দারুণ খেলেছে। ম্যাচটি সমতায় ফেরাতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মনে করি সে আরও দুটো সুযোগ পেয়েছিল। ‘

সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামির বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী শনিবার। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস।

Exit mobile version