তামিম ইকবালকে লম্বা সময় বিসিবিতে চান সুজন। অনেকটা নাটকীয়ভাবে বিসিবি সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। নতুন নির্বাচনের আগে অ্যাডহক কমিটির মেয়াদ ৩ মাস। সেই কমিটিরই প্রধান তামিম। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের চাওয়া, তামিম যেন লম্বা সময় নেতৃত্ব দেন বিসিবিকে।
সাবেক অধিনায়ক তামিম দেশের ক্রিকেটের জন্য ভালো করার জন্য মুখিয়ে আছেন, এমনটি জানিয়ে সুজন বলেন, ‘তামিম অনেক এক্সাইটেড। অনেক ভালো কিছু করতে চায়। আমি বিশ্বাস করি আমাদের এখন অনেক ভালো একজন সভাপতি আছে। আশা করি তামিম বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। যেগুলো এতদিন মুখে মুখে সবাই বলেছি তামিম এবার এগুলো কাজে করে দেখাবে।’
এছাড়া তামিমকে লম্বা সময়ের জন্য বিসিবি সভাপতির আসনে চান খালেদ মাহমুদ সুজন, ‘এখনও ইন্টেরিম, ৩ মাসের জন্য এসেছে। বোর্ড অনেক বড় এক জায়গা। প্রিমিয়ার লিগের ব্যাপারে সে খুবই সিরিয়াস, প্লেয়াররা খেলতে পারছে না আর্থিক ক্ষতির মুখে আছে। সবচেয়ে বড় কথা খেলা হচ্ছে না। এটা নিয়ে ও চিন্তিত। এসেই প্লেয়ারদের ম্যাচ ফি নিয়ে কাজ করল। মূল অংশীদার বললেও খেলোয়াড়দের ওরকম সুবিধা আমরা দেই না। এই সময়ে প্রয়োজন এমন সব কিছুই তামিম করবে।’
বিসিবির নির্বাচনের পাশাপাশি ক্রিকেটীয় কাজেও তামিমের বোর্ড গুরুত্ব দিবে এমন আশা প্রকাশ করে তিনি জানান, ‘নির্বাচন ৩ মাসের মধ্যে। সেটা নিয়ে অবশ্যই কাজ করবে। তবে ক্রিকেটীয় কাজগুলো করা মূল বিষয়। তামিমকে খুব ছোটবেলা থেকে দেখেছি। ক্রিকেট নিয়ে যতটা সিরিয়াস ছিল, যতটা সিরিয়াসলি ট্রেনিং করত। সেটা এখানেও বজায় রেখেছে।’
এছাড়া তিনি বলেন,‘ সে খুবই সিরিয়াস। অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। সিসিডিএমের মিটিংয়েও সে ছিল যেখানে সভাপতি থাকে না। আমার বিশ্বাস তামিম খুব ভালোভাবে এই বোর্ড চালাবে। ও যেসব সমস্যার মুখোমুখি হয়েছে, এতদিন খেলেছে ক্যাপ্টেন ছিল ও সব জানে। সেসব সমস্যার সমাধান ও করবে। ফ্যাসিলিটিস নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে। ৩ মাসে হয়ত হবে না, দীর্ঘ সময়ের জন্য যদি হতে পারে ওর জন্য কাজ করা বেশি সুবিধা হবে। দিনশেষে সবাই চাই ক্রিকেটের ভালো হোক।’
তামিমকে লম্বা সময় বোর্ডে দেখার আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের অনেক বেশি দুঃখ যে ওরা বিশ্বকাপ খেলতে পারেনি। ইন্টেরিম হেড হিসেবে তামিম গুড চয়েস। লং টার্ম হেড হলে আমি অনেক খুশি হবো।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















