পাকিস্তানি ক্রিকেটার কেনায় বিতর্কে সানরাইজার্স, বয়কটের ডাক

কাব্য মারান ও আবরার আহমেদ

কাব্য মারান ও আবরার আহমেদ

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় বিতর্কে জড়িয়েছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেড এর নিলামে তাকে কেনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে দলটির মালিকপক্ষ।

আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাইভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান সান গ্রুপ। এই গ্রুপের মালিকানাধীন আরেক দল সানরাইজার্স লিডস ‘দ্য হানড্রেডের’ ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত নিলামে পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছে। প্রায় ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে দলে নেয় লিডস। নিলামে আরেক দল ট্রেন্ট রকেটস-কে টপকে আবরারকে দলে নেয়।

২৩ মার্চ, ২০২৫ তারিখে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ২০২৫ সালের আইপিএল ম্যাচের সময় সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক এবং প্রধান কাব্য মারান। (ছবি: গেটি ইমেজেস)

নিলাম প্রক্রিয়ায় সক্রিয় ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক কাব্য মারান। তবে তার এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন, ‘ভারতীয় মালিকানাধীন কোনো দল কেন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেবে।’

কিছু সমর্থক দাবি করেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়কে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করবেন।’ সমালোচনার ঝড়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।

নিলামের কয়েক ঘণ্টা পরই সানরাইজার্স লিডসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে দেখা যাচ্ছে সেটি স্থগিত করা হয়েছে। সেখানে বার্তা দেখাচ্ছে—‘অ্যাকাউন্ট স্থগিত। এক্স-এর নিয়ম লঙ্ঘনের কারণে এই অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।’ তবে ঠিক কোন নিয়ম ভঙ্গের কারণে অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।

কে এই কাব্য মারান?

কাব্য মারান হলেন ভারতের একজন তরুণ ব্যবসায়ী ও ক্রীড়া প্রশাসক, যিনি মূলত আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ এর সহমালিক। ক্রিকেট দুনিয়ায় তিনি বেশ পরিচিত মুখ।

পরিচয় ও পরিবার

কাব্য মারান ভারতের প্রভাবশালী ব্যবসায়ী পরিবার মারান পরিবারের সদস্য। তিনি মিডিয়া কনগ্লোমারেট Sun Group এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কালনিথি মারান এর কন্যা। এই সান গ্রুপ দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ মিডিয়া প্রতিষ্ঠান, যার অধীনে টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদমাধ্যম ও বিভিন্ন ব্যবসা রয়েছে।

সান গ্রুপের মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের ব্যবস্থাপনায় কাব্য মারান সক্রিয় ভূমিকা রাখেন। আইপিএল নিলামে তাকে নিয়মিত দলের প্রতিনিধিত্ব করতে দেখা যায়। দলের কৌশল ও খেলোয়াড় কেনাবেচায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইপিএল ম্যাচের সময় স্টেডিয়ামে তার নানা প্রতিক্রিয়া, দলের প্রতি সমর্থন এবং নিলামে সক্রিয় উপস্থিতির কারণে কাব্য মারান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। ফলে ক্রিকেট ভক্তদের মধ্যে তিনি পরিচিত মুখ।

Exit mobile version