ভারতীয় দলে সূর্যকুমার যাদব অধ্যায় শেষ ! টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে আর দলেই রাখতে চান না জাতীয় নির্বাচকেরা। আবার আইপিএলে ফর্মে ফেরা শুভমন গিলকেও নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে না। সূর্যকুমারের পর অন্য এক ক্রিকেটারকে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন অজিত আগরকরেরা।
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাত্র তিন মাসের মাথায় বড় ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে জাতীয় দলের স্কোয়াডে তাঁর জায়গাও অনিশ্চিত হয়ে পড়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
জানা গেছে, ভারতের ক্রিকেট বোর্ড ও দলীয় ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটি প্রধান কোচের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সূর্যকুমারের নেতৃত্বে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে আপাতত জাতীয় দলের নির্বাচনের জন্যও বিবেচনা করা হবে না।
ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই ছন্দহীন সূর্যকুমার
গত দুই বছর ধরে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হচ্ছেন সূর্যকুমার। বিশেষ করে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১৩ ইনিংসে তিনি মাত্র ২৭০ রান করেন, যেখানে তাঁর গড় ছিল ২০.৭৬। যদিও মৌসুমের শেষ ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছিলেন, তবুও সামগ্রিক পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি।
২০২৪ সালে রহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের এই সংস্করণের নেতৃত্ব পান সূর্যকুমার। তাঁর অধিনায়কত্বেই চলতি বছরের মার্চে ভারত তৃতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তবে ব্যক্তিগত ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই।
মার্চ মাসে এক সাক্ষাৎকারে সূর্যকুমার বলেছিলেন, অধিনায়কত্ব পাওয়ার পর তিনি নিজের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর বিশ্বাস ছিল, দল জিততে থাকলে ব্যক্তিগত রানও একসময় ফিরে আসবে।
এখন দেখার বিষয়, নতুন টি-টোয়েন্টি চক্রে ভারত কাকে অধিনায়ক হিসেবে বেছে নেয় এবং সূর্যকুমার যাদব জাতীয় দলে ফেরার সুযোগ পান কি না। তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট মহলে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














