২০ ওভারে আট উইকেটে ২০১ রান করেও সূর্যবংশী ও জুরেল তাণ্ডবে উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের ব্যাটিংয়ে ছয় উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। শুক্রবার রাতে গুয়াহাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একমাত্র এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। বৈভব সূর্যবংশী মাত্র ২৬ বলে ৭৮ ও ধ্রুব জুরেল ৪৩ বলে অপরাজিত ৮১ রান করেন।
ব্যাট হাতে সূর্যবংশী ও জুরেল তাণ্ডবে রাজস্থান চার উইকেট হারিয়ে ১৮ ওভারেই ২০২ রান তুলে জয় ছিনিয়ে নেয়। এটি তাদের চলতি আইপিএলে টানা চতুর্থ জয়। একমাত্র দল হিসেবে সব ম্যাচ জিতে এককভাবে শীর্ষে রাজস্থান।
টস জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। প্রথম বলেই ফিল সল্টকে (০) সাজঘরে ফেরান জোফরা আর্চার। পরে বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল ৪৫ রানের জুটি গড়েন তিন ওভারেই। দেবদূত সাত বলে তিনটি চারে ১৪ রানে আউট হওয়ার কিছু পরেই কোহলিও সাজঘরে ফেরেন। তিনি ১৬ বলে ৭টি চারে করেন ৩২ রান।
তারপর মূলত রজত পাতিদারের ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় করা ৬৩ রানের ইনিংসেই বড় সংগ্রহ গড়তে পেরেছে বেঙ্গালুরু। শেষদিকে ভেঙ্কটেশ আইয়ার ১৫ বলে ১টি চার, ২টি ছক্কায় অপরাজিত ২৯ এবং রোমারিও শেফার্ড ১১ বলে ২টি চার, ১টি ছয়ে ২২ রান করেন। ২টি করে উইকেট নেন আর্চার, রবি বিষ্ণয় ও ব্রিজেশ শর্মা।
সূর্যবংশী ও জুরেল তাণ্ডবে রাজস্থানের জয়
জবাব দিতে নেমে দলীয় ২১ রানে যশস্বী জয়সওয়ালের (২ ছক্কায় ১৩) উইকেট হারায় রাজস্থান। এরপর তাণ্ডব শুরু করেন সূর্যবংশী ও জুরেল। ঝড়ের শুরু তৃতীয় ওভারের দ্বিতীয় বল থেকে। অষ্টম ওভারের পঞ্চম বল পর্যন্ত ১১টি চার, ৯টি ছক্কা হয়েছে। এই ৩৪ বলেই উঠেছে ১০৭ রান।
মাত্র ৩৭ বলে ১০৮ রানের জুটি দ্বিতীয় উইকেট জুটি ভাঙে সূর্যবংশীর বিদায়ে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নেমে দোর্দণ্ড প্রতাপ চালিয়ে মাত্র ২৬ বলে ৮টি চার, ৭টি ছক্কায় ৭৮ রান করেন তিনি। ক্রুনাল পান্ডিয়া তাকে শিকার করলেও স্বস্তি মেলেনি বেঙ্গালুরু বোলারদের।
এরপর বোলিং আক্রমণকে তছনছ করে গেছেন জুরেল। অবশ্য, পরে আর কেউ ভালো ইনিংস খেলতে পারেননি। কিন্তু, উড়ন্ত শুরুর কারণে দুই ওভার হাতে রেখেই চার উইকেটে ২০২ রান তুলে জয় পায় রাজস্থান। জুরেল ৪৩ বলে ৮টি চার, ৩টি ছয়ে ৮১ ও রবীন্দ্র জাদেজা ২৫ বলে ১টি চারে ২৪ রানে অপরাজিত থাকেন। ক্রুনাল ও জশ হ্যাজলউড ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বেঙ্গালুরু- ২০১/৮; ২০ ওভার (রজত ৬৩, কোহলি ৩২, ভেঙ্কটেশ ২৯*, শেফার্ড ২২; বিষ্ণয় ২/৩২, আর্চার ২/৩৩, ব্রিজেশ ২/৩৭)।
রাজস্থান- ২০২/৪; ১৮ ওভার (জুরেল ৮১*, সূর্যবংশী ৭৮, জাদেজা ২৪*; ক্রুনাল ২/৩০, হ্যাজলউড ২/৪৪)।
ফল : রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : বৈভব সূর্যবংশী।
