দায়িত্ব নেওয়ার পরেই ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ছাড়াও ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন গ্রেডে চুক্তিবদ্ধদের পারিশ্রমিক বাড়িয়েছেন আজ।
বৈষম্য দূর করতে ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সোচ্চার ছিলেন তিনি। এমনকি বিসিবি সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছিলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এবার দায়িত্ব নিয়ে নিজে থেকেই বেতন বাড়ালেন।
মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেখানে বিসিবির প্রধান হিসেবে চেয়ারে বসেই সভা করেন তামিম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের যে অ্যাডহক কমিটি দিয়েছে তাদের নিয়ে বুধবার দ্বিতীয়বারের মতো সভা করেন তিনি।

এই সভায় নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি ও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে তামিম বলেন,‘আজকে কয়েকটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি। আমাদের নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কি না। এটা একটা সময় ১ হাজার টাকা ছিল। তারপর এটাকে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম
তিনি আরও বলেন, ‘আজকে আমরা যেটা অনুমোদন দিয়েছি আমি বলব না, এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলকভাবে ভালো। কারণ সবকিছু বাড়ানোর একটা সীমাবদ্ধতা আছে। এখন থেকে তারা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।’
এ ছাড়া লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য পুরুষরা পাবেন ১ লাখ টাকা করে, যা আগে ছিল ৭০ হাজার টাকা। মেয়েদের ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির তালিকায় ৩০-৩৫ জন ক্রিকেটার আছেন। তাদের ৩০ হাজার টাকা করে মাসিক বেতন ছিল। সেটা বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে।
ঘরোয়া ক্রিকেটে পুরুষ ক্রিকেটারদেরও বেতন বাড়ানো হয়েছে। তামিম এ বিষয়ে বলেন,‘আমরা আজকে যেটা অনুমোদন দিয়েছি। এখন থেকে ‘এ’ ক্যাটাগরি ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পাবে।’
পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে আমি যদি ভুল না করে থাকি গত প্রায় ৩-৪ বছর ধরে তাদের বেতন বাড়েনি। এতদিন পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে ৩৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা ছিল। আমার কাছে মনে হয় এটা অনেক কম।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














