বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নানা প্রশ্নে অভিযুক্ত। তামিম চান সুনাম ফেরাতে এবং তিন মাসের মধ্যেই সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করতে। তার নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটির সভা শেষে এমন কথা বলেছেন তামিম ইকবাল।
তামিম চান সুনাম ফেরাতে, কারণ গত দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুন্ন হয়েছে। বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হন। তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছিলেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
এরপর সন্ধ্যায় বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলন করেন তামিম। সেখানে তিনি বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। যখন একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে খালি আমরা না যারা যারা আগ্রহী আমি সবাইকে অনুরোধ করব সবাই অংশগ্রহণ করবেন। একটা বোর্ডের নির্বাচন হবে যারা যারা আছেন ক্রিকেটার্স, সংগঠক সবার উচিত অংশগ্রহণ করা।’

এই অ্যাডহক কমিটিতে থাকা সদস্যরাও নির্বাচন করতে পারবে কিনা সেই প্রশ্নে তামিম বলেছেন,‘অবশ্যই আমরা নির্বাচন করব। আমরা ওই অবস্থান ও পরিবেশ তৈরি করব যাতে সবাই এসে নির্বাচন করতে পারে। আমাদের ভুল হবে, আমাদের দলে যারা আছেন তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’
তবে নির্বাচন করার বিষয়টি ব্যক্তিকেন্দ্রিক ইচ্ছার ওপর নির্ভরশীল। তামিম বলেছেন,‘এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছে থাকতে পারে, আমি করতে পারি। (রফিকুল ইসলাম) বাবু ভাইয়ের ইচ্ছে থাকতে পারে, বাবু ভাই করতে পারে। উনার (তানজিল চৌধুরি) ইচ্ছে নাও থাকতে পারে।’
তামিম চান সুনাম ফেরাতে
এখন বাংলাদেশ ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করাটাই প্রধানতম লক্ষ্য তামিমের। তিনি বলেছেন,‘সাধারণত এমন দায়িত্ব পেলে অনেকেই ডেভেলপমেন্টসহ নানা বিষয়ে কথা বলেন। কিন্তু আমি ও আমার দল একসঙ্গে অনুভব করছি— আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, সেটি ঠিক করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।’
অ্যাডহক কমিটির সভা শেষে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) তামিমকে বাংলাদেশের প্রতিনিধি করার সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের মুখপাত্র করা হয়েছে তানজিল চৌধুরীকে।
আগের ১২ বছরে বিসিবির সভাপতি হিসেবে ছিলেন একজন নাজমুল হাসান পাপন। অথচ বিসিবি গত ২০ মাসেই নেতৃত্বে পেয়েছে তিনজনকে। তামিমের আগের দুজন বুলবুল আর ফারুক আহমেদও তাঁর মতোই ছিলেন সাবেক অধিনায়ক। তাদের ব্যর্থতা নিয়ে সরব তামিমের কাঁধে এবার এসে পড়েছে ক্রিকেট বোর্ডের ভার। সর্বশেষ নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েও ‘অনিয়ম ও অস্বচ্ছতার’ অভিযোগে তা প্রত্যাহার করে নিয়েছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















