ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির কারণ জানালেন ওপেনার তানজিদ হাসান তামিম। রবিবার রাতে ম্যাচ শেষে নিজের ব্যাটিং ও দলের জয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ওপেনার। ম্যাচসেরা হওয়ার সাথে নাহিদ রানার সাথে যৌথভাবে সিরিজসেরা হয়েছেন তানজিদ।
খেলা শেষে সেঞ্চুরি ও নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে কথা বলেন তানজিদ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচের পরতে পরতে মিশে ছিল রোমাঞ্চ আর উত্তেজনা। শেষ পর্যন্ত পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তানজিদ। জবাব দিতে নেমে সালমান আলী আঘার সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছিল পাকিস্তান। সালমান ১০৬ রান করে আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের দিকে।
যদিও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। কিন্তু লাভ হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম বলেন, ‘শুরুতে আলহামদুলিল্লাহ। যে সিরিজটা আমরা জিততে পেরেছি। আজকের ম্যাচটা অনেক জরুরি ছিল আমাদের জন্য। সেভাবে আমরা গেম প্ল্যানিং করেছি। ভালো শুরু খুব দরকার ছিল। চেষ্টা করেছি উইকেটে কত লম্বা খেলা যায়। কারণ এখানে প্রথম ২০ ওভার বল ব্যাটে আসছিল। তবে ২০ ওভারের পরে বল যত পুরাতন হয়েছে বল সেভাবে আসছিল না। আজকে চেষ্টা করেছি ভালো শুরু পেলে যতটা লম্বা কর যায় (ইনিংস)। সেটাই চেষ্টা করেছি। প্রথম সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল আলহামদুলিল্লাহ।’
এছাড়া সেঞ্চুরির পথে নিজের ব্যাটিং নিয়ে তানজিদ জানান, ‘তখন বল একটু রিভার্স করছিল। (নাজমুল হোসেন) শান্ত ভাইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল। শান্ত ভাই আমাকে অনেক সাহায্য করেছে। কীভাবে এই ২-১ ওভার সার্ভাইব করা যায়। চেষ্টা করেছি অই সময়টা দেখেশুনে খেলার।’
তানজিদ আরও বলেন, ‘অবশ্যই ক্লিয়ার মাইন্ড ছিলাম। নাহলে এরকম রিস্কি শট (সেঞ্চুরির আগে) কেউ খেলে না। আমার মনে হয়েছে এই শট খেললে ভালো তাই আমার সিদ্ধান্তেই গিয়েছি আরকি।’
নিজের ব্যাটিং নিয়ে কাজ করার গল্পও শুনিয়েছেন তানজিদ, ‘চেষ্টা করছি ব্যাটিং নিয়ে কাজ করার। স্কিলের চেয়েও মেন্টালি আরও হেলদি হওয়া যায় চেষ্টা করছি। ব্যাটিংটা নিয়ে অ্যাশ ভাই (ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল), (সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ) সালাউদ্দিন স্যার, প্রধান কোচ (ফিল সিমন্স) সবার সাথেই কাজ হয়। আরেকটা নাম বলতে চাই আজকে (টিম ম্যানেজার) শাহরিয়ার নাফীস, উনার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। উনি আমাকে অনেক অনুপ্রেরণা দেন। তো সবাইকে ধন্যবাদ।’
বোলারকে ব্যাকফুটে ফালানোর চেষ্টা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তানজিদ বলেন, ‘এরকম চিন্তা করি না। ব্যাটিংয়ে আমার মাইন্ডসেট ইতিবাচক থাকে। আমার রেঞ্জে যেটা থাকে আমি সেটা সব সময় চেষ্টা করি বাউন্ডারি মারতে। সিঙ্গেল রান নেওয়ার সুযোগ কম থাকলে চেষ্টা করি বাউন্ডারির জন্য খেলার।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৩ ওয়ানডে মিলিয়ে ১৭৫ রান করেছেন তানজিদ হাসান তামিম।
