পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক পেশোয়ার জালমিতেই ঠাঁই পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। নাহিদ রানা ও শরিফুল ইসলামের পর পেশোয়ারে তানজিদ ঠাঁই করে নিয়েছেন। তানজিদ হাসান তামিমসহ এবার সর্বাধিক ছয় বাংলাদেশি ক্রিকেটার খেলতে যাচ্ছেন পিএসএল আসরে।
পেশোয়ারে তানজিদ সুযোগ পেয়েছেন সরাসরি চুক্তিতে। এর আগে পিএসএল নিলামে নাম নিবন্ধন করেন এ বাঁহাতি ওপেনার। কিন্তু সেখানে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। তবে নিলামের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে পিএসএলে জায়গা করে নিয়েছেন তানজিদ।
নিলাম থেকে পেশোয়ার জালমি দলে নেয় ফাস্ট বোলার নাহিদ রানাকে। এরপর দু’দিন আগে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে সরাসরি চুক্তিতে দলে টানে তারা। আর আজ পেশোয়ারে তানজিদ জায়গা পেয়েছেন মূলত সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে।

পেশোয়ারে তানজিদ যে কারণে
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে তানজিদ তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৭৫ রান করেন। তার গড় ছিল ৮৭.৫০ আর স্ট্রাইকরেট ১১২.১৮। তিন ম্যাচে ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি যা টি-২০ ফরম্যাটের জন্য তার কার্যকারিতা প্রমাণে যথেষ্ট হয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই নিজের সামর্থ্য ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বাঁহাতি এই তরুণ ব্যাটার। ৪৫ টি-২০ খেলে ১২৮.০০ স্ট্রাইকরেটে ১১২০ রান করেছেন ১১ ফিফটিতে। সবচেয়ে বড় ব্যাপার ৪৫ ম্যাচেই হাঁকিয়েছেন ৫২টি ছক্কা। স্বীকৃত টি-২০ ম্যাচে তার ৩টি সেঞ্চুরি ও ২০টি অর্ধশতক আছে। ১০৩ টি-২০ ম্যাচে আছে ১৪৪টি ছক্কা।
এর আগে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাননি ২৫ বছর বয়সি বাঁহাতি ওপেনার তানজিদ। সেদিক থেকে যদি এবার পিএসএল খেলতে যান, সেটি হবে তার জন্য প্রথম বিদেশি লিগ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট- ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই ওপেনার ধারাবাহিকভাবেই পারফর্ম করছেন। সে কারণেই সুযোগ পেয়েছেন পিএসএলে।

উল্লেখ্য’ এবারের পিএসএলে খেলবেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হচ্ছেন- লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, রাওয়ালপিন্ডি পিন্ডিজে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমিতে নাহিদ, তানজিদ ও শরিফুল। তবে তারা কেউ পুরো আসরে খেলতে পারবেন না ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য। তাই ১২ এপ্রিল পর্যন্ত তাদের খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭ এপ্রিল ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করে নিউজিল্যান্ড ২ মে খেলবে সর্বশেষ টি-২০। কিউইদের বিপক্ষে সিরিজের পর আবার পিএসএলে ফিরতে পারবেন বাংলাদেশি ক্রিকেটাররা। এমনকি যারা দুই ফরম্যাটের সিরিজের কোনোটিতে থাকবেন না, তখনও আবার যেতে পারবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















