জাতীয় দলের অধ্যায় শেষ , এবার এইচপি-তে সালাউদ্দিন । জাতীয় দলের কোচিং অধ্যায় শেষ হয়ে গেল মোহাম্মদ সালাউদ্দিনের। ২০২৪ সালের নভেম্বরে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের সঙ্গে তার মেয়াদ শেষ হলো। সিরিজ জয়ের পর ড্রেসিংরুমেই ক্রিকেটার ও কোচিং স্টাফদের কাছ থেকে বিদায় নেন তিনি।
জাতীয় দায়িত্ব থেকে সরে গেলেও কোচিংয়ের সঙ্গেই থাকছেন সালাউদ্দিন। দেশের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির গুরুত্বপূর্ণ মঞ্চ হাই-পারফরম্যান্স বিভাগে এবার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। বিসিবির আসন্ন মৌসুমের পরিকল্পনায় এইচপি বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, আর সেই পরিকল্পনার মূল দায়িত্বই থাকছে সালাউদ্দিনের কাঁধে।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার এইচপি দলে কোনো বয়সসীমা থাকছে না। সাদা ও লাল বলের ক্রিকেট মিলিয়ে মোট ৩৫ জন ক্রিকেটারকে নিয়ে সাজানো হবে দল। সালাউদ্দিনের সঙ্গে কোচিং স্টাফে আরও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়ের।
বিসিবি এইচপি বিভাগকে দেশের ক্রিকেট পাইপলাইন শক্তিশালী করার অন্যতম মাধ্যম হিসেবে দেখে। তাই প্রতি মৌসুমেই এখানে আলাদা পরিকল্পনা করা হয়। আসন্ন মৌসুমেও সেই ধারা বজায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়েই সালাউদ্দিনের নতুন দায়িত্ব শুরু হবে।
আগামী ১ জুন শুরু হতে পারে এইচপির ক্যাম্প। এরপর ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপির বিপক্ষে খেলতে আসবে। ৮, ১০ ও ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুটি চারদিনের ম্যাচ।
জাতীয় দলের দায়িত্ব শেষ হলেও সালাউদ্দিনকে ঘিরে বিসিবির আস্থা কমেনি। বরং পরের ধাপের ক্রিকেটারদের গড়ে তুলতে তাকে আরও বড় দায়িত্বই দেওয়া হলো। এবার দেখার বিষয়, এইচপি বিভাগে তার কাজ কতটা নতুন ক্রিকেটার তুলে আনতে পারে।
