দ্য হানড্রেড নিলাম থেকে দল পাননি রিশাদ হোসেন

দ্য হানড্রেড নিলাম থেকে দল পাননি রিশাদ হোসেন

দ্য হানড্রেড নিলাম থেকে দল পাননি রিশাদ হোসেন, ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আসর দ্য হানড্রেড নিলাম থেকে দল পাননি রিশাদ হোসেন। কিন্তু বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের বেশ কদর গত বছর থেকেই। তবে খেলতে পারেননি জাতীয় দলের ব্যস্ততায়। গতবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং এবার বিগ ব্যাশ লিগ খেলেছেন। এবারও পিএসএল খেলবেন।

গত কয়েকটি আসর আয়োজন করেই জনপ্রিয়তা পেয়েছে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা দ্য হানড্রেড ক্রিকেট আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরে অবশ্য আগে দলগুলো গড়া হয়েছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। এবারই প্রথম এই আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আজ সেই নিলামে অবিক্রিত থাকলেন বাংলাদেশি তরুণ লেগস্পিনার রিশাদ।

স্পিনারদের ক্যাটাগরিতে নাম ছিল রিশাদ হোসেনের। তার নাম ডাকার পর তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। ফলে অবিক্রিতই থেকে যান এই বাংলাদেশি লেগস্পিনার। নিলামে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১২ লাখ টাকার বেশি।

প্রথমবার বিগ ব্যাশ লিগ খেলে দারুণ পারফর্ম করেন রিশাদ, ছবি : সংগৃহীত

রিশাদ ছাড়াও দল পাননি যেসব স্পিনার

এদিকে রিশাদের সঙ্গে স্পিনার ক্যাটাগরিতে নাম ওঠে জেফার চৌহান, উসমান তারিক এবং আকিল হোসেনের। এখানে রিশাদের পাশাপাশি দল পাননি জেফার ও আকিল হোসেনও। একমাত্র পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিককেই কিনতে আগ্রহ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে থাকা উসমান বিক্রি হন ১ লাখ ৪০ হাজার পাউন্ডে। তাকে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স।

তার আগে নাম উঠেছিল পাকিস্তানের হারিস রউফ ও শাদাব খানেরও। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ। এদিকে নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

দ্য হানড্রেড নিলাম থেকে যারা নাম প্রত্যাহার করেছেন

আফ্রিদির পাশাপাশি নিলাম থেকে সরে যান দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন, আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজানফর ও অস্ট্রেলিয়ার পিটার সিডল। তবে এই ক্রিকেটারদের নাম প্রত্যাহারের নির্দিষ্ট কারণ জানায়নি কোনো বোর্ড। এর পেছনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি ও আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা থাকার সম্ভাবনা প্রবল।

শাহীন আফ্রিদি নিলামের ‘টিয়ার-১ ফাস্ট বোলার’ বিভাগে থাকার কথা ছিল। এর আগে ২০২৩ সালে ওয়েলস ফায়ারের হয়ে খেলেছিলেন তিনি এবং ছয় উইকেটও নিয়েছিলেন। অবশ্য আফ্রিদি সরে দাঁড়ানোর পরও নিলামে পাকিস্তানের ১৩ ক্রিকেটার তালিকায় ছিলেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। তবে আয়োজকরা জানিয়েছে, দলগুলো খেলোয়াড় বাছাই করবে পারফরম্যান্স, প্রাপ্যতা ও দলের প্রয়োজন বিবেচনা করেই।

Exit mobile version