বক্সিং রিংয়ে ঝড় তুলেছেন একটা সময় ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। ম্যানি প্যাকিয়াও কম যাননি। দু’জন বক্সিংয়ের ইতিহাসে অন্যতম দুই ফাইটার হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। কিংবদন্তি এ দুই বক্সার আবারও মুখোমুখি হতে যাচ্ছে। মেওয়েদার-প্যাকিয়াও রিং কাঁপাবেন আগামী ১৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের স্পিয়ারে।
বারেবারে কিংবদন্তিদের লড়াই নিয়ে নানা গল্প। ফিরে ফিরে আসেন মোহাম্মদ আলি, মাইক টাইসন, জর্জ ফোরম্যান, শুগার রে রবিনসন, জো লুইস, রকি মার্সিয়ানো, জো ফ্রেজিয়ার, ম্যানি প্যাকিয়াও এবং লেনক্স লুইসদের নাম। তাদের লড়াইগুলো যেন একেকটা রূপকথার উপাখ্যান হয়ে গেছে। বিশ্বব্যাপি আলোড়ন তুলেছে বক্সিং রিংয়ে তাদের উপস্থিতি।
সাম্প্রতিক সময়ে সেভাবে বক্সিং রিং আলোড়ন তুলতে পারেনা বিশ্বব্যাপি। কিন্তু এবার দুই কিংবদন্তির লড়াই আসছে সবাইকে আবার রিংয়ের প্রতি দৃষ্টি ফেরাতে। এক দশক পর আবারও রিংয়ে মুখোমুখি হতে যাচ্ছেন বক্সিংয়ের দুই কিংবদন্তি ম্যানি প্যাকিয়াও ও ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। আগামী ১৯ সেপ্টেম্বর লাস ভেগাসের স্পিয়ারে অনুষ্ঠিত হবে পেশাদার এই ম্যাচ। যা সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স।
দুজনের প্রথম দেখা হয় ২০১৫ সালে। ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র আলোচিত সেই লড়াইয়ে জিতেছিলেন মেওয়েদার। ম্যাচটি থেকে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭,০০০ কোটি টাকার বেশি) আয় করেছিলেন তিনি।
মেওয়েদার ও প্যাকিয়াওয়ের ম্যাচটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল সর্বোচ্চ পে-পার-ভিউ বিক্রি হিসেবে। শুধুমাত্র পিপিভি বিক্রি বাবদ ৪২৫ মিলিয়ন ডলার আয় হয়েছিল। আর্থিক দিক থেকে এবারের ম্যাচকেও ইতিহাসের অন্যতম বড় লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দু’জনের অবসর ভেঙে ফেরা
গত শুক্রবার চতুর্থবারের মতো অবসর ভেঙে পেশাদার রিংয়ে ফেরার ঘোষণা দেন মেওয়েদার। এরপরই জানা গেল ৪৮ বছর বয়সী এই মার্কিন বক্সারের প্রতিপক্ষ। রিম্যাচটি কত রাউন্ডে বা কোন ওজন শ্রেণিতে হবে, তা এখনও নিশ্চিত হয়নি।
৪৭ বছর বয়সী প্যাকিয়াও ২০২১ সালে অবসর নেন। তবে গত জুলাইয়ে ডব্লিউবিসি ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন মারিও বারিওসের বিপক্ষে লড়াই করে আবারও রিংয়ে ফেরেন তিনি। ম্যাচটি ড্র হয় এবং শিরোপা ধরে রাখেন বারিওস। তিনি একমাত্র বক্সার যিনি আটটি ভিন্ন বিভাগে বিশ্ব শিরোপা জিতেছেন।
অন্যদিকে ৪৮ বছর বয়সী মেওয়েদার ২০১৭ সালে কনর ম্যাকগ্রেগরকে হারানোর পর পেশাদার বক্সিং থেকে সরে দাঁড়ান। সেটিই ছিল তাঁর সর্বশেষ পেশাদার লড়াই। তিন দশকের ক্যারিয়ারে ৫০-০ রেকর্ড ধরে রেখেছেন মেওয়েদার। আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের আগে এপ্রিলে প্রদর্শনী লড়াইয়ে সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনের মুখোমুখি হওয়ার কথা মেওয়েদারের।
