নিলাম থেকে পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি

নিলাম থেকে পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি

নিলাম থেকে পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি, ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম থেকে দল পেয়েছেন তিন বাংলাদেশি। আজ দুপুরে শুরু হওয়া নিলামের শুরুর দিকেই দল পান লেগস্পিনার রিশাদ হোসেন। নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি তাকে দলে ভেড়ায়। পরবর্তীতে ডানহাতি পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি ও পারভেজ হোসেন ইমনকে লাহোর কালান্দার্স দলে টেনেছে।

এবার পিএসএল নিলামের জন্য ৫৩ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেন। তবে এর মধ্যে ৫০ জনই দল পাননি। এমনকি বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও নেয়নি কেউ। গত আসরে দল পাওয়া ডানহাতি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকেও নিতে আগ্রহ দেখায়নি কেউ। মাত্র তিনজন নিলাম থেকে বিক্রি হয়েছেন। অর্থাৎ বাংলাদেশের ৫০ জনই দল পাননি।

নিলামের দ্বিতীয় রাউন্ডে দল পান ইমন-নাহিদ, ছবি : সংগৃহীত

প্রথম রাউন্ডের ডাকে শুধু রিশাদ বিক্রি হন। তবে পারভেজ ইমন ও নাহিদকে প্রথম রাউন্ডে কেউ ডাকেনি। দ্বিতীয় রাউন্ডে তারা দল পান। এবার তাই সবমিলিয়ে বাংলাদেশ থেকে চার ক্রিকেটারকে দেখা যাবে পিএসএল টি-২০ আসরে। কারণ, নিলামের আগেই সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। এবার তার সতীর্থ হিসেবে দলটিতে থাকবেন বাঁহাতি টপঅর্ডার ইমন।

গত মৌসুমে লাহোর কালান্দার্সে তিন বাংলাদেশিকে দেখা গেছে। রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ছিলেন একই দলে। যদিও নিলামের আগেই খেলোয়াড় ধরে রাখার সুযোগ থাকা সত্ত্বেও রিশাদকে তারা ছেড়ে দেয়। কিন্তু এবারও তারা একাধিক বাংলাদেশিকে দলে টেনেছে।

নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। নিলাম থেকে টপঅর্ডার ব্যাটার পারভেজ ইমনকে তারা পেয়েছে মাত্র ৬০ লাখ রুপিতে। নিলামে তিনি ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতেই নাম নিবন্ধন করেছিলেন।

মুস্তাফিজ-রিশাদ ভালো মূল্য পেয়েছেন, ছবি : সংগৃহীত

পেশোয়ার জালমিও কম মূল্যেই পেয়ে গেছে বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানাকে। ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে তাকে নিয়েছে দলটি। আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোর কারণে এই পারিশ্রমিকে তাকে পেয়েছে পেশোয়ার। এর আগেও পেশোয়ারের হয়ে গত মৌসুমে খেলার ‍সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দেয়নি তাকে। সেজন্য খেলার সুযোগ হয়নি।

বাংলাদেশের বড় তারকাদের প্রতি অনাগ্রহ পিএসএল নিলামে

কিন্তু এবার নাহিদের খেলতে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ পিএসএল চলাকালীন বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। সেজন্য বেশি পরিমাণে বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। পারভেজ ইমনেরও এবারই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

আজ নিলামের শুরুতে তিন কোটি রুপিতে রিশাদকে দলে নেয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তবে নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব এবং সাকিব ও মিরাজ।

Exit mobile version