পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টাইগাররা এখন নিউজিল্যান্ডের অপেক্ষায়। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঈদুল ফিতরের ছুটিতে যাচ্ছেন টাইগাররা। পাকিস্তানকে সিরিজ হারানোর ভালো লাগা সঙ্গী হবে ঈদ উৎসবে। অবশ্য এই উল্লাসে বেশি দিন বুঁদ থাকার উপায় নেই ক্রিকেটারদের। আগামী মাসেই বাংলাদেশে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ।
তিন সপ্তাহের সফরে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুধুই সীমিত ওভারের সিরিজের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে কিউইরা। ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজটিই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে র্যাংকিংয়ে উন্নতি ও রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর কিছু বেড়েছিল রেটিং পয়েন্ট।
র্যাংকিংয়ে চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে জিতে রেটিং পয়েন্ট বেড়েছে ৩। ক্যারিবিয়ানদের টপকে র্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল। নিউজিল্যান্ডকে হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে কিউইদের অবস্থান যে এখন দ্বিতীয়। বাংলাদেশের জন্য আরও সম্ভাবনার হাতছানি থাকবে আইপিএলের কারণেও। নিউজিল্যান্ডের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই তখন ব্যস্ত থাকবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার থেকে শুরু করে রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেকব ডাফি, লকি ফার্গুসনরা ব্যস্ত থাকবেন আইপিএলে। তারা বাংলাদেশ সফরে আসবেন না প্রায় নিশ্চিতভাবেই।
এছাড়া একই সঙ্গে ওই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগও। সেখানে ব্যস্ত থাকবেন মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। তাদেরও বাংলাদেশে আসার সম্ভাবনা সামান্যই। ফলে বাংলাদেশের সামনে র্যাংকিংয়ে অবস্থান মজবুত করার দারুণ সুযোগ থাকবে তখন।
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন,‘ আমাদের লক্ষ্য রাখতে হবে, পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাথায় রাখতে হবে যে, ২০২৭ বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করতে হবে। এজন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক জরুরি। আমরা ওভাবেই চিন্তা করব যে, কীভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি ২৭, ২৯ এপ্রিল ও ২ মে। তবে সিরিজের তারিখ ঘোষণা করা হলেও ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। সূত্র জানায়, ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে।
