আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইংল্যান্ড জয় পেলেও, বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পাকিস্তানকে।
তাই সুপার এইটে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া পাকিস্তান। ইংল্যান্ডের লক্ষ্য টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া। শ্রীলংকার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।
গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে নাম লেখায় পাকিস্তান। সুপার এইট পর্বে গ্রুপ-২এ নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান।
তবে টস হবার পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এতে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। সেমিফাইনালের দৌড়ে ভালভাবে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মরিয়া পাকিস্তান। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘প্রথম ম্যাচ থেকে আমরা ১ পয়েন্ট পেয়েছি। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে আমাদের।
অন্যদিকে দুর্দান্ত জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলংকাকে ৫১ রানে হারায় তারা। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে পাকিস্তানের বিপক্ষেও পূর্ণ ২ পয়েন্ট লক্ষ্য ইংল্যান্ডের। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথ সহজ করতে চায় ইংলিশরা।
জ্যাকস বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদের ব্যাটারদের জ্বলে উঠতে হবে এবং দলকে বড় সংগ্রহ এনে দিতে হবে। যাতে বোলাররা লড়াই করতে পারে। প্রতিদিন তো আর বোলাররা ম্যাচ জেতাবে না।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের দিকে। পাকিস্তানের বিপক্ষে ৩১ ম্যাচ খেলে ২০টিতে জিতেছে ইংলিশরা। ৯টিতে জয় পেয়েছে পাকিস্তান। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। ২০১৫ সালে শারজাহতে টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে জিতেছিল ইংল্যান্ড।
২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড।
