ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। কিন্তু এখান থেকেই সিঙ্গাপুরের বিপক্ষে জেতার রসদ খুঁজছেন বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে খেলে ইতিবাচক অনেক শিক্ষা পাওয়া গেছে। তাই ক্যাবরেরা এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জেতার ছক তৈরি করছেন।
ভিয়েতনাম ইতোমধ্যে এশিয়ান কাপ ফুটবল আসরে খেলা নিশ্চিত করেছে। বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে তারা। ঘরের মাঠে এতো পার্থক্য থাকা বাংলাদেশ দলের সঙ্গে বেশ ভালোভাবেই গা-গরম করতে পেরেছে ভিয়েতনাম। এমন দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাই বলেছেন, খেলার বিচারে নাকি দুই দল কাছাকাছিই ছিল।
বাংলাদেশ দলের কোচ ক্যাবরেরা বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম। আমরা যা দেখেছি, মূল পার্থক্যটা সম্ভবত তাদের ও আমাদের ফিনিশিংয়ের মধ্যেই ছিল। তারা যেভাবে নিজেদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে; অন্যদিকে আমাদেরও সুযোগ ছিল। আমাদেরও গোল করার সুযোগ ছিল, কিন্তু শেষ কাজটা আমরা করতে পারিনি যা অন্তত আমাদের ম্যাচে একটি গোল এনে দিতে পারত।’
যেসব পরিকল্পনা নিয়ে ভিয়েতনামের মুখোমুখি হয়েছে বাংলাদেশ তা করতে পেরেছে ম্যাচে। ক্যাবরেরার ছক অনুসারেই খেলতে পেরেছেন তার শিষ্যরা। তিনি আরও বলেন,‘আমাদের পরিকল্পনা অনুযায়ীই সব হয়েছে। হাই প্রেস, গোল কিক, ডিফেন্সিভ ব্লক এবং আমাদের বিল্ড-আপের ক্ষেত্রে আমরা সামনে এগোনোর এবং সুযোগ তৈরির পথ খুঁজে পেয়েছি।’
বাংলাদেশ প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনো গোল হজম করেনি। তাই কোচ প্রথমার্ধের বিশ্লেষণে না গিয়ে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সকেই বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন,‘আমাদের পারফরম্যান্স খুবই ইতিবাচক ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আজকের এই পরীক্ষা থেকে আমরা নিশ্চিতভাবে যা শিখেছি তা হলো, এই মানের দলের বিপক্ষে আজকে আমরা যে ভুলগুলো করেছি, তার মাশুল সবসময় ম্যাচ হেরেই দিতে হবে। আমরা দুটি সেট পিস থেকে গোল হজম করেছি এবং এমনকি তৃতীয় গোলটিও এমন ছিল যা আমরা চাইলে এড়াতে পারতাম।’
সিঙ্গাপুরের বিপক্ষে জেতার রসদ
এখন সিঙ্গাপুরের বিপক্ষে জেতার লক্ষ্য ক্যাবরেরার। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচের প্রস্তুতির জন্যই মূলত ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলা। এই ম্যাচটি তাই অত্যন্ত শিক্ষণীয় ও কার্যকরী হিসেবে দেখছেন কোচ।
ক্যাবরেরা এ বিষয়ে বলেছেন,‘যাই হোক, সত্যি বলতে, আমি মনে করি এটি একটি খুব ইতিবাচক পরীক্ষা ছিল। এ ধরনের জাতীয় দলের তুলনায় আমরা এখন কোন অবস্থানে আছি, তা দেখার জন্য এটি দারুণ ছিল। এখন সময় এসেছে ইতিবাচক দিকগুলো গ্রহণ করার। ম্যাচে আমাদের অনেক ইতিবাচক দিকও ছিল, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতার জন্য সেগুলোকে এখন সঠিক উপায়ে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’
