চলমান টি-২০ বিশ্বকাপে আজ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। দিল্লিতে কানাডাকে ৫ উইকেটে হারায় আরব আমিরাত। আর চেন্নাইয়ে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বিশাল ব্যবধানে পরাস্ত করে যুক্তরাষ্ট্র। উভয় দলের এটি চলমানিআসরে প্রথম জয়।
২০২২ বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায় আরব আমিরাত। সেই জয়ের পর বিশ্বকাপে আরেকটি ম্যাচ তারা খেলেছে চলতি আসরেই নিউজিল্যান্ডের বিপক্ষে। কারণ গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি আরব আমিরাত। এবার দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে তারা বিশ্বকাপে।

দিল্লিতে কানাডা টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৫০ রান। ৩৮ রানে ৩ উইকেট হারালেও হর্ষ ঠাকুর ৪১ বলে ২ চার, ৩ ছয়ে ৫০ ও নবনিত ধালিওয়াল ২৮ বলে ৪ চারে ৩৪ রান করলে লড়াইয়ের পুঁজি পায় তারা। আমিরাতের ডানহাতি পেসার জুনায়েদ সিদ্দিকী ক্যারিয়ারসেরা বোলিং করে ৩৫ রানে ৫ উইকেট নেন।
জবাবে আরব আমিরাত আরিয়ানশ শর্মার ৫৩ বলে ৬ চার, ৩ ছক্কায় অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৯.৪ ওভারেই জয় ছিনিয়ে নেয়। তারা ৫ উইকেটে ১৫১ রান তোলে। ৬৬ রানে ৪ উইকেট হারালেও আরিয়ানশ ও শোয়েব খান পঞ্চম উইকেটে ৮৪ রান যোগ করেন। শোয়েব ২৯ বলে ৪ চার, ৪ চয়ে ৫১ রান করেন। কানাডার বাঁহাতি স্পিনার সা’দ বিন জাফর ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন।
ডাচদের হারিয়ে প্রথম জয় যুক্তরাষ্ট্রের
চেন্নাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে। সাইতেজা মুক্কামেলা ৫১ বলে ৫ চার, ৪ ছক্কায় ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া শুভম রঞ্জনে ২৪ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন।

নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিডে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ওপেনিংয়ে নেমে ২২ বলে ৩ চার, ১ ছয়ে ৩৬ ও শায়ান জাহাঙ্গীর ১৪ বলে ১ চার, ২ ছয়ে ২০ রান করেন।
বিশাল টার্গেটে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। মার্কিন বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ডাচরা। হারমিত সিং ৪ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন। এছাড়া শ্যাডলি ফন শাল্কভিক ৩টি ও মোহাম্মদ মহসিন ২টি উইকেট শিকার করেন।
ডাচদের হয়ে ১৭ বলে ১ চার, ১ ছয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ডি লিডে। এছাড়া অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৪ বলে ২ চারে করেন ২০ রান। ৩ ম্যাচ খেলে এটি নেদারল্যান্ডসের দ্বিতীয় হার এবং যুক্তরাষ্ট্রের প্রথম জয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















