যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ ফুটবল আসর থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে ইরান। কারণ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা যুক্তরাষ্ট্রই করেছে বলে দাবি দেশটির। অথচ সহ আয়োজক হিসেবে এবার ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করবে। এখন সেই যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকেই বাইরে রাখার দাবি করেছে ইরান। অবশ্য ভেন্যু সরানোর জন্য ফিফার সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে দেশটির।
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজক হিসেবে অনেক আগেই ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। চলতি বছর জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াবে। সবমিলিয়ে আর প্রায় তিন মাস বাকি রয়েছে এই বিশ্বকাপ শুরু হতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো ও কানাডাও সহ আয়োজক হিসেবে রয়েছে।
এবারই ফুটবল বিশ্বকাপে সর্বাধিক ৪৮টি দল অংশ নেবে। এবার নিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ইরানকে বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার পাল্টা জবাব দিয়েছে পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইচ্ছা করে তাদের বিশ্বকাপের বাইরে রাখতে পারবে না। উল্টো যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা।
প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এর মধ্যেই বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন,’বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এখানে আসা উচিত।’
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ নিয়ে ইরানের দাবি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে ইরানও। তাদের ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে।’
আরও বলা হয়,’কেউ ইচ্ছা করলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’
এশিয়া মহাদেশ থেকে অন্যতম দল হিসেবে গত বছরই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলো তাদের খেলার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে আছে যথেষ্ট শঙ্কা।
অবশ্য ইরান সরকারের পক্ষ থেকে ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার আবেদন করার চিন্তাভাবনা চলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়া-মালি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে অতি শীঘ্রই এ বিষয়ে আলোচনা করা হবে। টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিশ্চিতের ক্ষেত্রে তিনি এর ব্যাখ্যায় বলেছেন,‘আমরা আশা করছি এমন পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি থাকবে যেন আমাদের খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নিতে পারে।’
