লজ্জায় ক্রিকেট ছাড়বেন বিজয়!

লজ্জায় ক্রিকেট ছাড়বেন বিজয়!

লজ্জায় ক্রিকেট ছাড়বেন বিজয়! মিথ্যা ফিক্সিংয়ের অভিযোগ তুলে গত বিপিএলে খেলতে দেওয়া হয়নি এনামুল হক বিজয়কে। তবে ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আসরে নিয়মিত খেলছেন তিনি। এদিকে গত আসরের আগের বিপিএলের পারিশ্রমিক এখনও পাননি বিজয়। সব মিলে মঙ্গলবার হঠাৎ মিরপুরে হাজির হন বিজয়।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করলেন, ‘বিসিবির সম্মানার্থে সব কিছু থেকে একটু দূরে থেকেছি। দুইটা বিষয় নিয়ে এখনও ঝুলন্ত অবস্থায় আছি। কোনো সমাধান আমি পাচ্ছি না। একটা হলো তদন্ত রিপোর্ট, আরেকটা পারিশ্রমিক ইস্যু।’
এছাড়া বিজয় তার সাথে হওয়া অন্যায় আচরণের প্রতিবাদ জানান। তিনি বলেন,‘বিপিএল খেলতে দেওয়া হয়নি, যেটা আমার অধিকার। আগের বছরের পেমেন্ট এখন পর্যন্ত পাইনি।

বিভিন্নভাবে বিভিন্নজনের সাথে যোগাযোগ করেও ফল পাইনি। একেক সময় একেকজনের কাছে যাচ্ছি। আইনজীবীর মাধ্যমেও চেষ্টা করেছি। মনে হচ্ছে ঝুলে আছি। এটা কেউই চায় না ঝুলন্ত অবস্থায় থাকুক।’একটি টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে অন্য টুর্নামেন্ট খেলতে দেওয়া- দ্বিচারিতার অভিযোগ তুলে এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সময় তো পার হচ্ছে। একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, একটা হবে না। এভাবে তো চলতে পারে না।

এমন তো না প্রফেশনাল প্লেয়ার না বা থার্ড ডিভিশন খেলছি। আমার একটা ক্যারিয়ার আছে। ১০-১২ বছর ন্যাশনাল টিমে খেলেছি। ৫১টি সেঞ্চুরি আছে প্রথম শ্রেণির ক্রিকেটে। এমনি এমনি তো আসিনি। অনূর্ধ্ব-১৯ দলকে, বাংলাদেশ ‘এ’দলকে নেতৃত্ব দিয়েছি। আমি তো নরমাল একটা প্লেয়ার না যে আসলাম আর বললাম।

আমার জিনিস এত লেনদি হওয়া উচিৎ না।’
এ সময় বিসিবির সাথে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিসিবির প্রধান বুলবুল ভাইকে এখন পর্যন্ত ফোনে আমি পাইনি। এসএমএস করেছি, কথা বলতে চাই। উনি কথা বলেনি, রিপ্লাই দেয়নি। ফারুক ভাই বলতেছে দেখি বিষয়টা। মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি দেখি, হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই হতাশাজনক, নাহলে আসতাম না এখানে।’
এছাড়া বিজয় বলেন, ‘সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না।

আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা সুন্দর (ঠিক) হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।’
এছাড়া জাতীয় দলের এই ক্রিকেটার বলেন,‘ আজকে যদি বলি হার্ডলাইনের কথা আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন হয় এই ছেলে কিছু করেছে নাহয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।’

Exit mobile version