ইংল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ, ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে তুলনামূলক ছোটো দলকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে উভয় দল। তবে বুধবার রাতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে লড়াই ছিল এগিয়ে যাওয়ার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই লড়াইয়ে ৩০ রানে ইংল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ।

শেরফানে রাদারফোর্ডের ঝড়ো ৭৬ রানের অপরাজিত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তোলে। জবাবে ইংল্যান্ড ১৯ ওভারে গুটিয়ে যায় ১৬৬ রানে। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল উইন্ডিজ। কিন্তু প্রথমটি জিতলেও এবার হার দেখল ইংলিশরা।

স্যাম কারান শুরুতে দারুণ বোলিং করেন, ছবি : সংগৃহীত

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ১ ও অধিনায়ক শাই হোপ ০ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি হলেও দলীয় ৫৫ রানে পতন ঘটে তিন উইকেটের। আর এক রান যোগ করতেই পাওয়ার প্লে’র ৬ ওভার শেষ।

ভালো খেলতে থাকা শিমরন হেটমায়ার ১২ বলে ২ চার, ২ ছয়ে ২৩ রানে আউট হন। কিছুক্ষণ পর আরেক সেট ব্যাটার রোস্টন চেজ ২৯ বলে ৬ চারে ৩৪ রান করে আদিল রশিদের লেগস্পিনে এলবিডব্লিউ হন। এরপর রোভম্যান পাওয়েলকে নিয়ে রাদারফোর্ড ৫১ রানের জুটি গড়েন।

রোভম্যান যদিও (১৩ বলে ১৪) বড় স্কোর করতে পারেননি, তবে রাদারফোর্ড ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দেন। জ্যাসন হোল্ডারের সঙ্গে ষষ্ঠ উইকেটে তার ৬১ রানের জুটিতেই বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিয়ারসেরা ইনিংসে খেলেন রাদারফোর্ড, ছবি : সংগৃহীত

২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করে উইন্ডিজ। রাদারফোর্ড ৪২ বলে ২ চার, ৭ ছক্কায় ৭৬ ও হোল্ডার ১৭ বলে ১ চার, ৪ ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন। শেষ ৫ ওভারে আসে ৬৬ রান। ইংল্যান্ডের হয়ে আদিল ৪ ওভারে মাত্র ১৬ রানে ও জেমি ওভারটন ৩৩ রান দিয়ে দুটি করে উইকেট নেন।

ইংল্যান্ডের হঠাৎ ধস

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ইংল্যান্ড দ্রুতগতির ৩৮ রানের ওপেনিং জুটি পেয়েছিল। দ্বিতীয় উইকেটেও ঝড়োগতির ৩৬ রানের জুটি হয়। তবে ১৪ বলে ৪ চার, ২ ছক্কায় ফিল সল্ট ও ১৪ বলে ২ চার, ১ ছয়ে জস বাটলার সাজঘরে ফেরার পর ক্যারিবিয়রা ঘুরে দাঁড়ায়।

টম ব্যান্টন (২) ব্যর্থ হন এবং কিছু পরেই সাজঘরে ফেরেন ২৩ বলে ৪ চার, ১ ছয়ে ৩৩ রান করা জ্যাকব বেথেল। পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়ে হ্যারি ব্রুক (১৪ বলে ১৭) আউট হলে একাই পরে লড়াই করেছেন স্যাম কারান। পরবর্তী ৩২ রানে ৫ উইকেট হারিয়েছে ইংলিশরা।

ব্যাটে অবদান রাখার পর বল হাতেও উজ্জ্বল চেজ, ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৬৬ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। কারান ৩০ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি ৪ ওভারে ৩৩ রানে তিনটি ও অফস্পিনার রোস্টন চেজ ২৯ রানে দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ- ১৯৬/৬; ২০ ওভার (রাদারফোর্ড ৭৬, চেজ ৩৪, হোল্ডার ৩৩, হেটমায়ার ২৩; আদিল ২/১৬, ওভারটন ২/৩৩)।

ইংল্যান্ড- ১৬৬/১০; ১৯ ওভার (কারান ৪৩*, বেথেল ৩৩, সল্ট ৩০, বাটলার ২১; মোতি ৩/৩৩, চেজ ২/২৯)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে জয়ী।

ম্যাচসেরা : শেরফানে রাদারফোর্ড।

Exit mobile version