বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন তারা বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের পদত্যাগ চাইছেন। এমনকি প্রয়োজনে তারা আইনি লড়াইয়ে যাওয়ার চিন্তাও করছেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন বুলবুল। সার্বিক পরিস্থিতিতে তিনি আবার ফিরবেন কিনা এবং নিজেই পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
সম্প্রতিই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এখন দায়িত্ব নিয়েছে নির্বাচিত সরকার। তাই নতুন করে বিসিবিতেও পরিবর্তনের হাওয়া বইতে পারে এমন গুঞ্জন রয়েছে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন বিসিবিতে যে নির্বাচন হয়েছে সেটি নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে। ওই সময় নির্বাচন করতে ইচ্ছুক অনেকেই সরে দাঁড়িয়েছিলেন।
এখন নির্বাচিত সরকার আসার পর অনেকেই চাইছেন বুলবুলকে সরিয়ে দিতে। বিসিবিতে পরিবর্তন আনতে প্রয়োজনে আইনি লড়াইয়েও যেতে পারেন তারা। গুঞ্জন আছে, এমন পরিস্থিতিতে স্বেচ্ছায় বোর্ড থেকে পদত্যাগ করতে পারেন বুলবুল। ফারুক আহমেদ অবশ্য এমন কোনো তথ্য দিতে পারেননি। বরং বিসিবির সহ-সভাপতি জানিয়েছেন, ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের।
সবশেষ কয়েক মাস ধরেই বাংলাদেশের ক্রিকেট খানিকটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিসিবির ‘বিতর্কিত’ নির্বাচনের পর বিদ্রোহী ক্লাবগুলোকে ছাড়েই লিগ আয়োজন, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া অন্যতম। এ ছাড়া বিসিবির পরিচালক ইশতিয়াক সাদিকের পদত্যাগ, আরেক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চাপে আছেন বুলবুল।
বুলবুল কি দেশে ফিরবেন?
এমন পরিস্থিতিতে সরকার পরিবর্তন হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া খুঁজছেন। কদিন আগে গুঞ্জন উঠে, সভাপতি পদ নাও থাকতে পারে এমন ভয়ে রিটার্ন টিকিট ছাড়াই দেশ ছেড়েছেন বুলবুল। সেখান থেকে আর না ফেরার সম্ভাবনা রয়েছে বুলবুলের এমন গুঞ্জনও আছে।

অবশ্য জানা গেছে রমজানের পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে ঈদের পর দেশে ফিরবেন বুলবুল। তবে গুঞ্জন আছে পরিস্থিতি ঘোলাটে হলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন তিনি। তবে এ নিয়ে ফারুক বলেছেন,‘এই প্রশ্নের ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যদ্দুর জানি উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন।’
সাম্প্রতিক সময়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সম্পর্কটা খুব বেশি ভালো নয় বিসিবির। কিছুদিন আগে স্টেডিয়ামে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে বিসিবি। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ফারুক এ বিষয়ে বলেছেন,‘আমি মনে করি আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক, যারা ক্রিকেট সংক্রান্ত—সবার সাথে একটা সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই। একটা লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশের ক্রিকেট। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















