বাংলাদেশকে নিয়ে যা ভাবছে কিউইরা

বাংলাদেশকে নিয়ে যা ভাবছে কিউইরা

বাংলাদেশে সফর নিয়ে এবার বিশেষ পরিকল্পনা নিয়ে এসেছে নিউজিল্যান্ড। এই যেমন, উইকেট যেমনই হোক! বাংলাদেশে যেভাবেই উইকেট তৈরি করুক ইত্যাদি! এশিয়ার বাইরের দেশগুলোর জন্য বাংলাদেশ বা উপমহাদেশ বরাবরই কঠিন চ্যালেঞ্জ।

এবার সেই চ্যালেঞ্জ সামলানোর অপেক্ষায় এবার কিউইরা। মিরপুর বা চট্টগ্রামে স্পোর্টিং উইকেটের আভাস মিললেও নিউজিল্যান্ড তাদের সীমিত ওভারের দল নিয়ে শাণ দিচ্ছে স্পিনে। এমনটিই জানালেন দলের অধিনায়ক টম ল্যাথাম। 

আবহাওয়া, কন্ডিশন, উইকেট- সবই ভিন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। তবে বাংলাদেশে যা কিছুই অপেক্ষায় থাকুক না কেন, মানিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ল্যাথাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন,‘খেলার ধরন ও সম্ভাব্য উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতা আমাদের আছে বলেই বিশ্বাস করি। আগের ম্যাচগুলো বিশ্লেষণ করে যতটা সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করা হয়। বাংলাদেশ সফরের আগে আমরা জানি, সেখানে স্পিন বড় ভূমিকা রাখে এবং কন্ডিশন নিউজিল্যান্ডের তুলনায় ভিন্ন হতে পারে। তাই বাংলাদেশ বা তুলনামূলক অপরিচিত ভেন্যুতে খেলতে গেলে প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

আর এজন্য শুরুটা ভালো চাই। কন্ডিশন বড় ভূমিকা রাখবে মেনে নিলেও নিউজিল্যান্ডের মনোযোগ ভালো শুরুর দিকে, ‘আমার মনে হয়, শুরুটা ভালোভাবে করতে পারলে সেটিই বড় পার্থক্য গড়ে দেয়। তাই মানিয়ে নেওয়ার বিষয়টি সবসময়ই গুরুত্বপূর্ণ-এ নিয়ে আমাদের মধ্যে নিয়মিত আলোচনা হয় এবং আমরা আশা করি, এটি ভালোভাবেই করতে পারব। নিউজিল্যান্ডে খেলে আমরা দারুণ সময় কাটিয়েছি, তবে অনেক ক্ষেত্রেই কন্ডিশনই খেলার ধরণ নির্ধারণ করে দেয়।’

নিউজিল্যান্ডের স্কোয়াড তুলনামূলক অনভিজ্ঞ বা কম অভিজ্ঞ হলেও বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা যাদের আছে, তারা দিনশেষে হয়ে উঠতে পারেন সফরকারী দলের ট্রাম্পকার্ড। ৩৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘অনেক দিন ধরে খেলায় থাকার কারণে এ ধরনের পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয়।

যারা আগে এই কন্ডিশনে খেলেছে, তারা নিশ্চয়ই পিচের আচরণ ও নির্দিষ্ট বোলারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। সব মিলিয়ে এটি একটি রোমাঞ্চকর সফর হতে যাচ্ছে। আমার বিশ্বাস, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এই তিন সপ্তাহে নিজেদের আরও উন্নত করার বড় সুযোগ রয়েছে। তাই এই সফরের অংশ হতে আমি দারুণভাবে উচ্ছ্বসিত।’

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

Exit mobile version