মোস্তাফিজকে পেয়ে লাহোর মালিক যা বললেন

মোস্তাফিজের মূল্য ৬ কোটি ৪৪ লাখ রুপি

মোস্তাফিজকে পেয়ে লাহোর মালিক যা বললেন

মোস্তাফিজকে পেয়ে লাহোর মালিক যা বললেন, ছবি : সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে লাহোর কালান্দার্স। এরপর লাহোর মালিক সামিন রানা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাড়ে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছে তারা।

২০১৮ সালে একবারই পিএসএল খেলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেন তিনি। এবারও পিএসএল খেলার জন্য নাম নিবন্ধন করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে নিলাম পর্যন্ত যেতে হয়নি তাকে।

মোস্তাফিজকে নিয়ে লাহোর কালান্দার্সের ফেসবুক পোস্ট, ছবি : ফেসবুক

আবারও লাহোর তাকে সাড়ে ৬ কোটি পাকিস্তানী রুপির বিনিময়ে সরাসরি চুক্তিতে দলে টেনেছে। এরপর আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানায়, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।

মূলত মোস্তাফিজকে নিতে ৬ কোটি ৪৪ লাখ রুপি খরচ করছে লাহোরের ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৮১ লাখ টাকার কিছু বেশি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পেজে দেওয়া ভিডিওবার্তায় সামিন রানা বলেন, ‘স্পষ্টতই তিনি পাকিস্তান সুপার লিগের জন্য যেমন বড় নাম, তেমনি বিশ্ব ক্রিকেটেরও বড় নাম। তাকে দলে নেওয়া যে কোনো দলের জন্যই অনেক সম্মানের বিষয়। তাছাড়া তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং ভালোবাসা অনেক পুরোনো।’ 

লাহোর কালান্দার্সের কর্ণধার আরও বলেন,’১০ বছর আগে যখন পিএসএল শুরু হয়, আমার মনে আছে গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সের প্রথম পিক ছিলেন মোস্তাফিজুর রহমান (২০১৬)। দুর্ভাগ্যবশত তখন তিনি আসতে পারেননি। এনওসি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তবে দুই বছর পর তিনি আসেন। আমরা তাকে দলে পেয়ে দারুণ উপভোগ করেছি। এখন বিশ্বজুড়ে যেভাবে তিনি পারফর্ম করছেন, অসাধারণ।’

মোস্তাফিজকে দলে পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, মোস্তাফিজের মতো একজন খেলোয়াড় পাওয়া লাহোরের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। যখন মোস্তাফিজ পিএসএলে সাইন করেছিল, তখনই আমাদের মাথায় ছিল যে আমরা তাকে নিতে চাই।’

Exit mobile version