রাজনৈতিক ও আইনগত সমস্যায় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তবে সম্প্রতি তাকে আবার জাতীয় দলে ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন বুধবার জানিয়েছেন, যে কেউ সাকিবকে দলে চাইবে।
২০২৪ সালের অক্টোবরের পর আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। রাজনৈতিক কারণে তিনি দেশে ফিরতে পারেননি। এর সঙ্গে আছে নানা আইনি ঝামেলা। সরকার থেকেও তাই দেশে ফেরার গ্রিন সিগন্যাল পাননি।
এসব কারণেই জাতীয় দলের বাইরে এখনও সাকিব। তবে কিছুদিন আগে বিসিবি জানিয়েছে, নির্বাচকদের নির্দেশনা দেওয়া হয়েছে ফিট ও পারফরম্যান্স থাকলে সাকিবকে দলে নেওয়ার জন্য। এছাড়া সাকিবের রাজনৈতিক ও আইনি জটিলতা কাটাতেও বিসিবি থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে বুধবার সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন,‘এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন। যদি কেউ বলে আমি সাকিবকে চাই না তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড়… সবচেয়ে বড় কথা দলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার একটা বোলার দুইদিকেই পাবেন। সাকিবও যদি ফিট থাকে… যে কেউ চাইবে, প্রশ্ন করার মতো বিষয় না।’
এথন দেখার অপেক্ষায় আছেন সাকিবের ভক্ত-সমর্থকরা যে তাকে ফেরানোর ক্ষেত্রে কতখানি আন্তরিকতা দেখায় বিসিবি। এ বিষয়ে অবশ্য সাকিব এখন পর্যন্ত সেভাবে কিছুই বলেননি।
